Print

Broadcasting News Corporation

স্মার্ট পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে

প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০২৪ , ১০:১১ অপরাহ্ণ | আপডেট: জুন ৯, ২০২৪, ১০:১১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য শহর গড়ে তুলতে দেশের জাতীয় পরিকল্পনার সঙ্গে সমন্বয় করে পরিকল্পনা করতে হবে এবং এই মাস্টার প্লান সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। তিনি আরো বলেন, সুস্থ ও উন্নত জীবনযাপন করতে হলে সময়কে কাজে লাগাতে হবে। দেশ-বিদেশের উন্নত ও সমৃদ্ধ নগরগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে সময়োপযোগী ও স্মার্ট পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। নগর পরিকল্পনায় ভবিষ্যৎ চিন্তা করে মাস্টার প্ল্যান করতে হবে। বাংলাদেশ যেহেতু একটি ঘনবসতিপূর্ণ দেশ, স্বাভাবিকভাবেই আমাদের ভূমির পরিমাণ কম। তাই, যেকোনো মাস্টারপ্ল্যান করতে হলে আমাদের মাথায় রাখতে হবে, ৫০ বছর পর কী হতে পারে। ১০০ বছর পরে এই প্ল্যান কতটুকু কাজে আসবে। শুধু বর্তমান পরিস্থিতি বিবেচনায় নগর পরিকল্পনা করলে তা ভবিষ্যতে জনগণের শুধুই ভোগান্তি বাড়াবে। রবিবার (০৯ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) গুলশানের ওয়েস্টিন হোটেলের বলরুমে দিনব্যাপী অনুষ্ঠিত ‘গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার জন্য নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন প্রকল্প’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপস্থিত সুধিবৃন্দের প্রতি একথা বলেন মন্ত্রী। মন্ত্রী সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা প্রসঙ্গে বলেন, উন্নত রাষ্ট্রগুলোর সরকার ব্যবস্থায় একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে। একটা পরিকল্পনা থাকে। আমাদের সরকারেও লক্ষ্য হচ্ছে, ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র গঠন। এই পরিকল্পনার অংশ হিসেবে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমার গ্রাম, আমার শহর বাস্তবায়ন করছি। গ্রামীণ মানুষ যাতে নগরের অধিবাসীদের মতো সুযোগ-সুবিধা পায়। মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ আয়তনে ছোট এবং ঘণবসতিপূর্ণ দেশ হওয়ায় এতগুলো মানুষের শহরে ঠিকমতো নাগরিক সুবিধা নিশ্চিত করা চ্যালেঞ্জিং একটা কাজ। কিন্তু তারপরও আমাদের গ্রাম অঞ্চলে শহরের মতো সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। শিক্ষা, কাজের সুযোগ, স্বাস্থ্য ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি ক্ষেত্রে গ্রাম অঞ্চলে সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার এই লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছে। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনকে যুগোপযোগী মাস্টার প্ল্যান প্রণয়নের জন্য স্বাগত জানান। সেমিনারে আরো উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশন মেয়র জায়েদা খাতুন, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ হাবিবুর রহমান, গাজীপুর সিটি কর্পোরেশনের উপদেষ্টা আলহাজ এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

Post Views: 446

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত