Print

Broadcasting News Corporation

নারীসমাজকে মূল অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা সম্ভব

প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০২৪ , ৯:২০ অপরাহ্ণ | আপডেট: জুন ১২, ২০২৪, ৯:৪০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের নারীসমাজকে মূল অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করতে না পারলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারী জাগরণ, ক্ষমতায়ন এবং কর্মসংস্থানের মাধ্যমে দেশের নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্য কাজ করেছেন। সরকার ও পরিবারের দিক থেকে আমরা যদি সহায়ক হিসেবে উৎসাহ এবং সহযোগিতার হাত বাড়াই তাহলে আমাদের দেশের নারীও সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারবে বলে তিনি জানান।
প্রতিমন্ত্রী বুধবার (১২ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্পের আওতায় স্টার্ট-আপদের পাশাপাশি নারী উদ্যোক্তাদের উন্নয়ন, উৎসাহ প্রদান এবং ব্যবসাকে ত্বরান্বিত করার লক্ষ্যে ‘স্মার্ট নারী উদ্যোক্তা অনুদান’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী পলক বলেন, আজকে যে ২৩২ জন নারী উদ্যোক্তারা এই ৫০ হাজার টাকা অনুদান পেয়েছেন এটা অনুদান নয়, প্রধানমন্ত্রীর ভালোবাসা। তিনি বলেন, এই অনুদান নিয়ে যারা আরো বড় পরিসরে ব্যবসায় করবে, ইনোভেটিভ সল্যুশন নিয়ে আসবে, তাদেরকে উদ্যোক্তা হিসেবে সফল করার জন্য আবেদনের প্রেক্ষিতে আইডিয়া প্রকল্পের মাধ্যমে ৫০ হাজার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত অফেরতযোগ্য অনুদানের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, আমাদের যেসকল স্টার্টআপগুলো ভালো করবে তাদের জন্য ৫০ লাখ টাকা থেকে শুরু করে ৫ কোটি টাকা পর্যন্ত স্টার্টআপ বাংলাদেশ কোম্পানি লি. এর মাধ্যমে ইক্যুইটি ইনভেস্টমেন্ট গ্রহণ করার সুযোগ করে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। পলক বলেন, ইতোমধ্যে আমরা ২ হাজার নারী উদ্যোক্তাকে ৫০ হাজার করে টাকা অনুদান হিসেবে প্রদান করেছি। নতুন করে আরো ৫ হাজার স্মার্ট নারী উদ্যোক্তাদেরকে ৫০ হাজার করে টাকা অনুদান হিসেবে প্রদান করা হবে। তিনি বলেন, আরেকটি নতুন মাস্টারক্লাস শুরু করা হবে। যেখানে সারা দেশের নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, মেন্টরশিপ, ইন্টানর্শিপ, কো-ওয়ার্কিং স্পেসের ব্যবস্থা করা হবে। অনুষ্ঠানের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন, আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, ওমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই) এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা। পরে, প্রতিমন্ত্রী স্মার্ট নারী উদ্যোক্তাদের মাঝে চেক প্রদান করেন।

Post Views: 982

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত