Print

Broadcasting News Corporation

উন্নয়নের গতির সাথে পরিবেশ তথা বায়ুদূষণ রোধ জরুরি

প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০২৪ , ৭:১৯ অপরাহ্ণ | আপডেট: জুন ১৩, ২০২৪, ৭:১৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, উন্নয়নের গতির সাথে পরিবেশ তথা বায়ুদূষণ রোধ জরুরি। এ সংক্রান্ত আইনের যথাযথ ব্যবহার ও বাস্তবায়ন খুবই জরুরি। আমাদের মনে রাখতে হবে বায়ুদূষণ রোধ করতে না পারলে আমরা সবাই ভুক্তভোগী হবো। এজন্য সচেতনতা গড়ে তুলতে হবে। আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা হলে বায়ুদূষণ রোধে আমরা অনেকটাই এগিয়ে যাবো।
বৃহস্পতিবার (১৩ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে গ্র্যান্ড বলরুমে বায়ুদূষণ নিয়ন্ত্রণে বহু অংশী-জনের পরামর্শ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বায়ুদূষণ শুধু আমাদের নিজস্ব ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই। কারণ সারাবিশ্বে যেভাবে যুদ্ধ হচ্ছে, প্রতিনিয়ত বায়ুদূষণ হচ্ছে সেগুলো বিভিন্ন উপায়ে আমাদের পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলছে। তারপরও আমাদের অভ্যন্তরীণ দূষণের হার বেশি। এ ব্যাপারে দ্বিমত পোষণ করার সুযোগ নেই। আমাদের অনেক ঘনবসতিপূর্ণ দেশ। অর্থনীতিকে উন্নয়নের মূলস্রোত ধারায় নিয়ে আসতে আমাদের শিল্পায়ন করতে হয়েছে, গড়ে তোলা হয়েছে শিল্পকারখানা। উন্নয়নের এ গতি থামিয়ে রাখারও সুযোগ নেই। মন্ত্রী আরো বলেন, শিল্পোন্নত দেশগুলো কোনোরকম জবাবদিহিতা ছাড়াই অতিমাত্রায় শিল্পায়ন করে বৈশ্বিক পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলেছে। এখন তারা উপলব্ধি করছে তাদের শিল্পায়নের ফলে পরিবেশের ওপর যে নেতিবাচক প্রভাব পড়েছে তা মোকাবিলা করতে হবে। পরিশেষে বায়ুদূষণ নিয়ন্ত্রণে তিনি মন্ত্রণালয়ের পাশাপাশি উপস্থিত সুধীবৃন্দের প্রতি ব্যক্তিগত পর্যায়ের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
স্থানীয় সরকার বিভাগের ইম্প্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ্ প্রিভেন্টিভ সার্ভিসেস্ (আইইউপিএইচপিএস) প্রজেক্টের আয়োজনে উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম। এতে সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র মো. রেজাউল করিম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র জায়েদা খাতুনসহ আরও অনেকে ৷

Post Views: 466

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত