Print

Broadcasting News Corporation

কোনো নাগরিককেই তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না

প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০২৪ , ৭:৪৬ অপরাহ্ণ | আপডেট: জুন ১৩, ২০২৪, ৭:৪৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, কোনো নাগরিককেই তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এসময় তিনি ন্যায্যতার ওপর ভিত্তি করে ভূমিসেবা দিতে এসিল্যান্ডদের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) রাজধানীর কাঁটাবনে অবস্থিত ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (এলএটিসি) ‘স্মার্ট ভূমিসেবার টার্গেট পূরণে সহকারী কমিশনার (ভূমি) গণের করণীয়’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির দিকনির্দেশনামূলক বক্তব্যে ভূমিমন্ত্রী এই নির্দেশ দেন। এসময় ভূমি মন্ত্রণালয়ের ‘ভারপ্রাপ্ত সচিব’ অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে এবং এলএটিসি পরিচালক মোঃ আরিফ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। ভূমিমন্ত্রী এসময় আরো উল্লেখ করেন, ন্যায়পরায়ণতা ও ন্যায্যতার নীতির ওপর ভিত্তি করে নাগরিক এবং সরকারি উভয় স্বার্থ সংরক্ষণ করা অপরিহার্য। তিনি স্পষ্ট করে বলেন, স্বার্থ সংরক্ষণের অর্থ কখনোই বেআইনিভাবে কাউকে অনুচিত সুবিধা প্রদান করা নয়। বরং, এর অর্থ হলো প্রত্যেককে তার ন্যায্য প্রাপ্য অধিকার নিশ্চিত করা। তিনি জোর দিয়ে বলেন, কোনো নাগরিককেই তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।
ভূমিমন্ত্রী এসিল্যান্ডদের আরও নির্দেশ দিয়ে বলেন, নিজস্ব নেতৃত্বের গুণাবলি প্রয়োগ করে ভূমি অফিসের পরিচালনায় স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে হবে। জনগণের সেবা প্রদানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। কর্মক্ষেত্রে স্বচ্ছতা, দক্ষতা এবং জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। এর মাধ্যমে ভূমি সেবা প্রদানে উৎকর্ষতা অর্জন এবং জনগণের আস্থা অর্জন করা সম্ভব হবে। এলএটিসিতে ৪০ ও ৪১তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্সের প্রশিক্ষণ শেষ করা সহকারী কমিশনার (ভূমি) গণ এই কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় এবং ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং ভূমি মন্ত্রণালয়ের ডিকেএমপি অনুবিভাগের ব্যবস্থাপনাধীন কর্মসূচি অ্যালামসের পরামর্শক এবং ভূমিসেবা ডিজিটাইজেশন ভেন্ডর প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। কর্মশালায় মন্ত্রী ৪০ ও ৪১তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্সের প্রশিক্ষণ শেষ করা সহকারী কমিশনার (ভূমি) গণের হাতে সনদপত্র তুলে দেন।

Post Views: 482

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত