Print

Broadcasting News Corporation

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসে রাষ্ট্রপতির বাণী

প্রকাশিত হয়েছে: জুন ২৫, ২০২৪ , ৬:০৬ অপরাহ্ণ | আপডেট: জুন ২৫, ২০২৪, ৬:০৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বুধবার ২৬ জুন ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও জাতিসংঘ ঘোষিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৪ পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার একটি বৈশ্বিক সমস্যা যা মানব সম্প্রদায়ের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ। মাদক উৎপাদনকারী দেশ না হওয়া সত্ত্বেও ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ মাদকের ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে রয়েছে। বাংলার তরুণ ও যুব সমাজের রয়েছে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম, প্রতিবাদ ও মহান মুক্তিযুদ্ধে অগ্রগণ্য ভূমিকা পালনের গৌরবোজ্জ্বল ইতিহাস। নিত্যনতুন মাদকের আবির্ভাব ও অপব্যবহার বৃদ্ধির ফলে এই তারুণ্যের অগ্রযাত্রা আজ বাধাগ্রস্ত হচ্ছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ছোবল থেকে বাঁচাতে পরিবারসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। ছোট থেকেই সন্তানদের সৎসঙ্গ ও সুকর্মের সুপরামর্শ দিয়ে সচেতন করতে হবে। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। যুবসমাজকে স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে তুলতে নিয়মিত লেখাপড়া, খেলাধুলা, সংস্কৃতি চর্চার পাশাপাশি সমাজের বিভিন্ন অসঙ্গতি, কুসংস্কার ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ প্রেক্ষিতে জাতিসংঘ ঘোষিত দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘The evidence is clear : invest in prevention’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।
মাদকমুক্ত সমাজ গঠনে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কার্যকর প্রয়োগে সমাজের সর্বস্তরের জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতকরণ এবং মাদক অপব্যবহারের কুফল সম্পর্কে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বহুমাত্রিক নিরোধ কার্যক্রম বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে। আমি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে অধিকতর কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাই।
আমি মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৪ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করছি।
জয় বাংলা।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”

Post Views: 355

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত