Print

Broadcasting News Corporation

উন্নত দেশ গড়ার স্বপ্নপূরণে দুর্নীতি একটি বড় প্রতিবন্ধকতা

প্রকাশিত হয়েছে: জুন ২৭, ২০২৪ , ১০:০৫ অপরাহ্ণ | আপডেট: জুন ২৭, ২০২৪, ১০:০৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, উন্নত দেশ গড়ার স্বপ্নপূরণে দুর্নীতি একটি বড় প্রতিবন্ধকতা। দুর্নীতিকে প্রশ্রয় দেব না। এ মানসিকতা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ধারণ করে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, কর্তব্য পালন করতে গিয়ে কেউ দুর্নীতিগ্রস্ত হয়েছে, এমন অভিযোগের প্রমাণ পেলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। অতীতেও আমরা অভিযোগের ভিত্তিতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। বৃহস্পতিবার(২৭ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ২০টি দপ্তর ও সংস্থা এবং সিটি কর্পোরেশনের সাথে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে উপস্থিত স্থানীয় সরকার বিভাগের অধীনস্থ কর্মকর্তা এবং সাংবাদিকদের প্রতিমন্ত্রী একথা বলেন। দুর্নীতিবাজদের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, কোভিডকালীন যেসব জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল সরকার প্রমাণসাপেক্ষে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়েছে। যার ফলে অভিযোগের হারও কমে গিয়েছিল। সারা পৃথিবী দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে। আমরাও দুর্নীতিকে প্রশ্রয় দিই না। দুর্নীতির খোঁজ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। গত পাঁচ বছরে জলবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনগুলো ব্যর্থ হয়েছে কি না সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জলাবদ্ধতা নিরসন হয়নি এই অভিযোগ সত্য নয়৷ ঢাকায় আগের চেয়ে জলাবদ্ধতা অনেক কমেছে। এখন যেটুকু জলাবদ্ধতা হয়, সেটা অতি বৃষ্টির কারণে। এছাড়া যেসব রাস্তায় এখনও জলাবদ্ধতা হচ্ছে সেগুলো কমানোর জন্য সিটি কর্পোরেশনকে নির্দেশনা দেয়া হয়েছে। সাদিক অ্যাগ্রো’র বিরুদ্ধে এতদিন পর অভিযান কেন, এমন প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, যখন যেটা নজরে আসে, তখন সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হয়। সব কাজ তো সরকার এক দিনে করতে পারে না। সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে ব্যবস্থা চলমান কার্যক্রমেরই অংশ।
মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান। অনুষ্ঠানে দেশের ১২টি সিটি কর্পোরেশনসহ ৪টি ওয়াসা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এবং রেজিস্টার জেনারেল, জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রতিষ্ঠানগুলো বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে স্বাক্ষর করে।

Post Views: 444

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত