Print

Broadcasting News Corporation

নয়টি প্রকল্পে জাইকা’র সহায়তা ১১ হাজার ৩৪৪ কোটি টাকা শুরু হচ্ছে আরো ৪ প্রকল্প

প্রকাশিত হয়েছে: জুলাই ৩, ২০২৪ , ১০:১৮ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৩, ২০২৪, ১০:১৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, দীর্ঘদিন ধরে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরে জাইকা সহায়তায় ৯টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, যার আর্থিক সহায়তার পরিমাণ ১১ হাজার ৩শত ৪৪ কোটি ৭২ লাখ টাকা৷ চলমান অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের ২২৭ টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হতে যাচ্ছে৷ প্রকল্পগুলোতে সর্বমোট বরাদ্দ ৩৮ হাজার ৮শত ৮ কোটি ৮৮ লাখ টাকা। বুধবার (৩ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ) সচিবালয়ে মন্ত্রীর সাথে নিজ কার্যালয়ে জাইকা’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেই বৈঠককালে উপস্থিত সাংবাদিকদের প্রতি তিনি এ তথ্য তুলে ধরেন। মন্ত্রী বলেন, জাইকা’র সহায়তায় বিদ্যমান প্রকল্পগুলোর পাশাপাশি আরো ৪টি প্রকল্প শুরু হতে যাচ্ছে। প্রকল্পগুলো হলো উপজেলা প্রশাসন এবং উন্নয়ন প্রকল্প-২ (ইউজিডিপি-২), প্রস্তাবিত দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক পানি সরবরাহ প্রকল্প, চট্টগ্রাম ওয়াসা’র অধীন চট্টগ্রাম পয়ঃনিষ্কাশন প্রকল্প ক্যাচমেন্ট-২ ও ৪ এবং হাওর বন্যা ব্যবস্থাপনা ও জীবিকা উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়)। প্রস্তাবিত ৪টি প্রকল্পে জাইকা’র সহায়তার পরিমাণ ২০ হাজার ৫শত ৭৬ কোটি ৫৬ লাখ টাকা হতে পারে। মন্ত্রী আরো বলেন, দীর্ঘ কয়েক দশক ধরে জাইকা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে কাজ করছে। স্থানীয় সরকারের ক্ষমতায়ন, সক্ষমতা বৃদ্ধি, স্থানীয় সড়ক যোগাযোগসহ বিভিন্ন প্রকল্পে জাইকা সহায়তা করছে৷ আশা করছি, এই বৈঠকের মাধ্যমে এই সহায়তা আরো বৃদ্ধি পাবে। এই সময় জাইকা’র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেই বলেন, বাংলাদেশের সাথে জাইকার যে সকল প্রকল্প চলমান রয়েছে তার উল্লেখযোগ্য অংশ রয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে। ইতোমধ্যে অনেকগুলো প্রকল্পের অগ্রগতি হয়েছে, নতুন কিছু প্রকল্পের ব্যাপারেও আলোচনা চলছে। বাংলাদেশ অর্থনীতিতে অনেক এগিয়েছে, আশা করছি এই ধারা অব্যাহত রেখে বাংলাদেশ আগামী ২০২৬ সালের মধ্যে স্বল্পোন্নত দেশের তালিকা হতে চূড়ান্তভাবে বের হয়ে আসবে। বৈঠকে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলী আকতার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ, জাইকা’র সাউথ এশিয়া বিভাগের উপ মহাপরিচালক সাকুডু শুনসুকে, জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি ইচিগুচি তুমোহিদেসহ জাইকা ও স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Post Views: 479

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত