Print

Broadcasting News Corporation

কক্সবাজারে নারী প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ চলাকালেই ল্যাপটপ প্রদানের প্রতিশ্রুতি

প্রকাশিত হয়েছে: জুলাই ৪, ২০২৪ , ১০:০৮ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৪, ২০২৪, ১০:০৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

কক্সবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: তথ্যপ্রযুক্তির সর্বোত্তম নিরাপদ ব্যবহার করে নারীদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা ও উদ্যোক্তা হিসেবে তাদের টেকসই ক্ষমতায়ন নিশ্চিত-কল্পে ‘হার পাওয়ার প্রকল্প: প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় কক্সবাজারে নারী প্রশিক্ষণার্থীদের এক সপ্তাহ পর ল্যাপটপ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রতিমন্ত্রী বৃহস্পতিবার (৪ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ) হার পাওয়ার প্রকল্পের আওতায় কক্সবাজারে নারী প্রশিক্ষণার্থীদের চলমান প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন-কালে এ আশ্বাস দেন। প্রতিমন্ত্রী বলেন, আমরা ২৫ হাজার নারী উদ্যোক্তা তৈরি করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরামর্শ ও দিকনির্দেশনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অধীনে ‘হার পাওয়ার’ প্রকল্পের বাস্তবায়ন করছি। যেখানে প্রশিক্ষণ ও মেন্টরশিপ শেষে নারী উদ্যোক্তাদেরকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি করে ল্যাপটপ উপহার দেওয়া হচ্ছে। তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, আমরা যদি ভবিষ্যতে এটাকে আরো বর্ধিত করতে পারি তাহলে স্কুলের ছাত্র-ছাত্রীদের ক্লাসটাইম শেষে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের রিসোর্সগুলো বেকার তরুণ-তরুণীদের ব্যবহার করার সুযোগ করে দেওয়ার পাশাপাশি শিক্ষকদেরকেও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া সম্ভব হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মেয়াদে আমরা আইটি সেক্টরে আরো ১০ লাখ নতুন কর্মসংস্থান তৈরি করব। পাশাপাশি নারী কর্মসংস্থান নিশ্চিত করতে আগামীতে ‘হার পাওয়ার-২’ প্রকল্প গ্রহণ করা হবে। যেখানে আরো প্রায় দেড় লাখ তরুণীদের কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আমরা এর ধারাবাহিকতা চালু রাখব। আগামী ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য পূরণে স্মার্ট নারী উদ্যোক্তা তৈরিতে ‘হার পাওয়ার’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানান তিনি। পরে প্রতিমন্ত্রী মোবাইল অপারেটরদের নেটওয়ার্কের মান যাচাইয়ের জন্য কক্সবাজার বিমানবন্দর এলাকায় চলমান ড্রাইভ টেস্ট-এর কার্যক্রম পরিদর্শন করেন।

Post Views: 1,191

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত