Print

Broadcasting News Corporation

পবিত্র আশুরা পালিত হবে ১৭ জুলাই

প্রকাশিত হয়েছে: জুলাই ৬, ২০২৪ , ১০:১৫ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৬, ২০২৪, ১০:১৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশের আকাশে শনিবার (৬ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ) কোথাও ১৪৪৬ হিজরি সনের পবিত্র মহরম মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রবিবার (৭ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ) পবিত্র জিলহজ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং সোমবার (৮ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ) পবিত্র মহরম মাস গণনা করা হবে। ১৭ জুলাই পবিত্র আশুরা পালিত হবে। শনিবার (৬ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদার। সভায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র মহরম মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ ২৯ জিলহজ ১৪৪৫ হিজরি, ৬ জুলাই ২০২৪ শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মহরম মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। এমতাবস্থায়, আগামীকাল ৭ জুলাই পবিত্র জিলহজ মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ৮ জুলাই থেকে ১৪৪৬ হিজরি সনের পবিত্র মহরম মাস গণনা শুরু হবে। আগামী ১০ মহরম (১৭ জুলাই) পবিত্র আশুরা পালিত হবে। সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ কাউসার আহাম্মদ, বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসনের ওয়াক্‌ফ প্রশাসক মোঃ গোলাম কবীর, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব গাজী তারিক সালমন, সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দিন, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আমিনুর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ আজিজুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মোঃ রুহূল আমিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মুহাম্মাদ আবদুর রশীদ, লালবাগ শাহী জামে মসজিদের সহকারী খতিব হাফেজ মাওলানা মুফতী আদনান মুহাম্মদ, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

Post Views: 365

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত