Print

Broadcasting News Corporation

সরকার দেশের গণমাধ্যমসমূহকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চায়

প্রকাশিত হয়েছে: জুলাই ৮, ২০২৪ , ৯:২৩ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৮, ২০২৪, ৯:২৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের গণমাধ্যমসমূহকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সোমবার (৮ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অভ্ নিউজপেপার প্রেস ওয়াকার্স’র নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এ কথা জানান। বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মোঃ মতিউর রহমান তালুকদার এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অভ্ নিউজপেপার প্রেস ওয়াকার্স’র সভাপতি মোঃ আলমগীর হোসেন খান-সহ উভয় সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যম যেন একটা শক্ত ভিত্তির ওপর দাঁড়ায়, এই বিষয়ে সরকারের দায়িত্ব আছে। গণমাধ্যমের সাথে সম্পৃক্ত সব কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকরা যাতে তাদের ন্যায্য পাওনা বুঝে পায়, সেটি নিয়েও সরকার কাজ করছে। প্রতিমন্ত্রী বলেন, সময়ের সাথে সাথে প্রযুক্তির উন্নয়নের ফলে গণমাধ্যমেও পরিবর্তন হচ্ছে। প্রচলিত গণমাধ্যমগুলো কিছু কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়ছে। এই চ্যালেঞ্জ উত্তরণে বাস্তবসম্মত সমাধানের কথা আমাদের চিন্তা করতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে উদ্ভাবনী উপায়ে সমস্যার সমাধান করতে হবে। এ সময় তিনি আরো বলেন, গণমাধ্যম কর্মী আইন যাতে দ্রুততম সময়ের মধ্যে প্রণয়ন করা যায় সেটি নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করছে। গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট অংশী-জনদের নিয়ে সভা করে তাদের মতামত নেয়া হচ্ছে। এই আইনে শ্রম আইনের সবধরনের সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা করা হবে। এই আইনের আওতায় গণমাধ্যম সংশ্লিষ্ট সবাই যাতে সুবিধা ও সুরক্ষা পায় সেটি বিবেচনা করা হবে। এ সময় গণমাধ্যম কর্মী আইন প্রণয়নে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অভ্ নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের প্রতিনিধি-সহ সংশ্লিষ্ট অংশী-জনদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা প্রত্যাশা করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

Post Views: 765

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত