Print

Broadcasting News Corporation

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশিত হয়েছে: আগস্ট ৮, ২০২৪ , ১০:২০ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৮, ২০২৪, ১১:১০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেল বিজয়ী ব্যক্তিত্ব অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া সরকারের ১৬ উপদেষ্টার মধ্যে ১৩ জন উপদেষ্টা শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ) সন্ধ্যায় বঙ্গভবন দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদেরকে শপথ বাক্য পাঠ করান। এদিন সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন ড. মুহাম্মদ ইউনূস। শপথ গ্রহণ শেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শপথনামায় স্বাক্ষর করেন। প্রধান উপদেষ্টার শপথ গ্রহণের পরপরই শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ জন উপদেষ্টা। তারা হলেন: সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, ফরিদা আখতার, আ.ফ.ম খালিদ হাসান, নুরজাহান বেগম এবং শারমিন মুরশিদ।
মোট ১৬ জন উপদেষ্টার মধ্যে বাকী তিনজন উপদেষ্টা-বিধান রঞ্জন রায়, সুপ্রদীপ চাকমা এবং ফারুক-ই-আজম ঢাকার বাইরে থাকায় তারা আজকের শপথ গ্রহন অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। তারা পরবর্তীতে শপথ গ্রহণ করবেন।
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ, বিচারপতি, বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), সামরিক ও বেসামরিক সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কূটনৈতিকবৃন্দ, মুক্তিযোদ্ধা, সিনিয়র সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Post Views: 533

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত