Print

Broadcasting News Corporation

মার্কিন যুক্তরাষ্ট্রকে পাট ও পাটজাত শিল্প এবং জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগের আহ্বান

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১, ২০২৪ , ১২:১৬ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১, ২০২৪, ১২:১৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


ঢাকা

🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

পাট, বস্ত্র এবং জাহাজ নির্মাণ শিল্পে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন নৌপরিবহন এবং বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
সোমবার (৩০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) হেলেন লাফেভ এর সাথে বৈঠককালে উপদেষ্টা এ আহ্বান জানান। বৈঠককালে উপদেষ্টা বলেন, বর্তমানে বাংলাদেশে ২৮২ ধরণের বৈচিত্র্যময় ও আকর্ষণীয় পাটজাত দ্রব্য উৎপাদন হচ্ছে। এছাড়া ক্রেতার চাহিদা অনুযায়ী পাটজাত বিভিন্ন পণ্য উৎপাদনের সুযোগ রয়েছে। বর্তমানে পাট রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে প্রথম। বাংলাদেশে উৎপাদিত পাটের সত্তর ভাগ বিদেশে রপ্তানি হচ্ছে। এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় একটি খাত উল্লেখ করে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের পাট ও পাটজাত শিল্পে বিনিয়োগ করার আহ্বান জানান। বৈঠকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর-সহ দেশের জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগেরও অনুরোধ জানান। তিনি বলেন, বাংলাদেশ আইওএম এর সি ক্যাটেগরির একটি সদস্য রাষ্ট্র। বাংলাদেশের মেরিন একাডেমিগুলো থেকে অত্যন্ত দক্ষ ও মেধাবী নাবিক তৈরি করা হচ্ছে, যারা অত্যন্ত পেশাদারিত্বের সাথে আন্তর্জাতিক শিপিং পরিচালনা করে থাকে। মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশের তৈরি রেডিমেড গার্মেন্টসের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দীর্ঘদিন যাবত নিবিড়ভাবে কাজ করছে। ইতোমধ্যে বন্ধুপ্রতিম দুই দেশের কূটনীতিক সম্পর্কের গৌরবময় ৫০ বছর অতিক্রান্ত হয়েছে। বৈঠকে তিনি আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় বাংলাদেশের পাশে রয়েছে। উভয় দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি দূরীকরণে মার্কিন যুক্তরাষ্ট্র আগামীতে আরো ঘনিষ্ঠভাবে বাংলাদেশের সাথে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। এ সময়ে তিনি বাংলাদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার ভিত তৈরির প্রতি গুরুত্বারোপ করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে মার্কিন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বৈঠক শেষে উপদেষ্টা মার্কিন চার্জ দ্য আফেয়ার্স ও তার প্রতিনিধিদলকে বাংলাদেশের বস্ত্র, পাট এবং নৌপরিবহন খাতকে গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচনা করায় তাদের ধন্যবাদ জানান। বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব সঞ্জয় কুমার বণিক-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Views: 406

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত