Print

Broadcasting News Corporation

আমরা ব্যর্থ হলে জনগণ হতাশ হবে

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২, ২০২৪ , ১২:৫৮ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২, ২০২৪, ১২:৫৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


ঢাকা

🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের অনেক প্রত্যাশা । সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে দেশের জন্য আমাদের কিছু করে দেখাতে হবে। আমরা ব্যর্থ হলে জনগণ হতাশ হবে। তিনি আরো বলেন, আমরা রাজনীতিবিদ নই। আমাদের মধ্যে রাজনৈতিক কোনো দম্ভ নেই। আমরা এখানে সবাই সিভিল সোসাইটি থেকে এসেছি। একটি শৃংঙ্খল ব্যবস্থা গড়ে তুলতে আমরা সবাই একসাথে কাজ করছি। উপদেষ্টা মঙ্গলবার (০১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে ফ্রান্সের রাষ্ট্রদূত Marie Masdupuy এর সাক্ষাৎকালে এসব কথা বলেন। এসময় রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের একজন সহযোগী অংশীদার হতে পেরে আমরা গর্বিত। বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যাশা চলমান প্রকল্পগুলো বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা। এছাড়া, বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশনসহ জলবায়ু পরিবর্তনজনিত অবকাঠামো নির্মাণকল্পে আমরা কাজ করতে আগ্রহী। আমরা চাই স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত জনসচেতনতা গড়ে উঠুক। এ প্রসঙ্গে হাসান আরিফ বলেন, ভৌগোলিক কারণে বাংলাদেশ প্রায়ই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হয়। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি ও লবনাক্ততা বৃদ্ধি প্রভৃতির প্রভাব বাংলাদেশে পড়ছে। সাম্প্রতিক বন্যায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবর্ণনীয় ক্ষতি হয়েছে। স্থানীয় সরকারের সকল স্তরের জনপ্রতিনিধিদের জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসান ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ এবং এফডি এর উপ-পরিচালক সেসিলা কর্টেসি এসময় উপস্থিত ছিলেন।

Post Views: 357

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত