Print

Broadcasting News Corporation

মৌলভীবাজারের সংরক্ষিত বনে সাফারি পার্ক প্রকল্প বাতিলের সুপারিশ

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২, ২০২৪ , ৮:১০ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২, ২০২৪, ৮:১০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

মৌলভীবাজারের লাঠিটিলায় সংরক্ষিত বনে সাফারি পার্ক স্থাপন প্রকল্পের অনুমোদন বাতিলের সুপারিশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ বিষয়ে আজ পরিকল্পনা কমিশনে পত্র প্রেরণ করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, মৌলভীবাজার (১ম পর্যায়) প্রকল্পটি একনেক সভায় ৯ নভেম্বর ২০২৩ তারিখে শর্তসাপেক্ষে অনুমোদিত হয়েছিল। একনেক সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রকল্পের বিষয়ে সুপারিশমালা প্রণয়নের জন্য জীববৈচিত্র্যের ওপর প্রভাব নিরূপণে ২১ আগস্ট ২০২৪ তারিখে চার সদস্যের কমিটি গঠন করে মন্ত্রণালয়। সাবেক প্রধান বন সংরক্ষক ইসতিয়াক উদ্দিন আহমেদকে আহ্বায়ক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোস্তফা ফিরোজ, আরণ্যক ফাউন্ডেশনের সাবেক নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিন আহমদ এবং বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদকে সদস্য করে এ কমিটি গঠন করা হয়। পাশাপাশি পরবর্তীতে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজের পরিচালক পাবেল পার্থকে ১ম সভায় কমিটির সদস্য হিসেবে কো-অপ্ট করা হয়।
কমিটি প্রকল্পটি বাতিলের সুপারিশ করেছে। কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, লাঠিটিলা বন ইন্দো-বার্মা জীববৈচিত্র্য হটস্পটের অংশ এবং এটি একটি হাতি করিডোর। এখানে সাফারি পার্ক নির্মাণ বনাঞ্চলে নেতিবাচক প্রভাব ফেলবে। বনের জীববৈচিত্র্যের ওপর প্রস্তাবিত সাফারি পার্কের ফলে সৃষ্ট প্রভাবসমূহকে বিবেচনায় নিয়ে এবং স্থানীয় অংশীজনদের মতামতকে গুরুত্ব দিয়ে কমিটি মনে করেছে এ প্রাকৃতিক বনে সাফারি পার্ক নির্মাণ করা উচিত নয়।
বনটির অবক্ষয়িত অংশ ও হুমকিগ্রস্ত জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করার জন্য বন অধিদপ্তরকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
আজ পরিবেশ, বন ও জলবায়ু পরির্বতন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Post Views: 481

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত