Print

Broadcasting News Corporation

বিশ্ব বসতি দিবসে প্রধান উপদেষ্টার বাণী

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৬, ২০২৪ , ৫:১০ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৬, ২০২৪, ৫:১০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


ঢাকা

🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সোমবার ৭ অক্টোবর ‘বিশ্ব বসতি দিবস’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশে যথাযথ মর্যাদায় ‘বিশ্ব বসতি দিবস-২০২৪’ উদ্‌যাপিত হতে যাচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। বিশ্বব্যাপী মানুষের অন্যতম মৌলিক অধিকার নিরাপদ বাসস্থান নিশ্চিত করার লক্ষ্যে জাতিসংঘ প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার ‘বিশ্ব বসতি দিবস’ হিসেবে উদ্‌যাপন করে আসছে।
এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে-‘Engaging youth to create a better urban future’ যার ভাবার্থ হচ্ছে ‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এ প্রতিপাদ্যটি অত্যন্ত সময়োপযোগী ও যথার্থ বলে আমি মনে করি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৫ অনুচ্ছেদ অনুযায়ী অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। বর্তমান সরকার মানুষের বাসস্থানসহ এ মৌলিক অধিকার নিশ্চিতকরণে বদ্ধপরিকর। উন্নয়নশীল দেশের অনেক শহরের মতোই বাংলাদেশের শহর বা নগরগুলো এখনো অন্তর্ভুক্তিমূলক টেকসই নগর উন্নয়ন ব্যবস্থা নিশ্চিত করতে পারে নাই। দারিদ্র্য, বৈষম্য, দুর্নীতি, অর্থনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলা, নাগরিক নিরাপত্তাহীনতা, পরিবেশগত বিপর্যয় তথা জলবায়ু পরিবর্তনের নানা অভিঘাতে ভুগছে এদেশের ছোটো-বড় বিভিন্ন শহর। দেশের উন্নয়নকে বেগবান ও টেকসই করার লক্ষ্যে এ সকল প্রতিকূলতাকে নির্মূল করার জন্য সরকার সঠিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে যাচ্ছে।
তারুণ্য শক্তি, সাহস ও পরিবর্তনের প্রতীক। বৈষম্যহীন, শোষণহীন ও কল্যাণকর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র-জনতার বিগত দিনের আন্দোলনের ধারাবাহিকতায় গণ অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণই প্রমাণ করে তারুণ্যকে কেউ দাবিয়ে রাখতে পারে না। এখনকার তরুণেরা অনেক বেশি আধুনিক, প্রযুক্তি ব্যবহারে অগ্রগামী। তরুণদের অদম্য মেধা, পরিশ্রম, ঐকান্তিক নিষ্ঠা আর সততা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে আমাদের নতুন আলোয় উদ্ভাসিত করবে বলে আমি বিশ্বাস করি। প্রযুক্তিগত জ্ঞান, উৎকর্ষ ও তরুণদের উদ্যোগ আর প্রবীণ অভিজ্ঞতালব্ধ জ্ঞান আমাদের দেশে উন্নত ও নিরাপদ নগর প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে এ আমার প্রত্যাশা ।
আমি ‘বিশ্ব বসতি দিবস-২০২৪’ এর সকল কার্যক্রমের সাফল্য কামনা করি।”

Post Views: 469

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত