Print

Broadcasting News Corporation

শিশুদের সুন্দর নিরাপদ ভবিষ্যৎ গড়তে সকল নাগরিক ও প্রতিষ্ঠানের দায়িত্ব পালনের আহ্বান

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৭, ২০২৪ , ৭:৫৩ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৭, ২০২৪, ৭:৫৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আমরা শিশুদের জন্য একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে চাই, তবে এটি শুধু সরকারের দায়িত্ব নয় বরং প্রতিটি নাগরিকের এবং প্রতিষ্ঠানের দায়িত্ব। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শিশু সুরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে। উপদেষ্টা সোমবার (০৭ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিপ্লবে যে শিশুরা শহিদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। অভিভাবকদের সান্ত্বনা দিয়ে তিনি বলেন, ১৫ বছরের জঞ্জাল, সকল অন্যায়, মিথ্যাচার দেখে আসছিল বাচ্চারা। তারা রাস্তায় নেমে আন্দোলন করে বুকের রক্ত দিয়ে এদেশের মানুষকে শিখিয়ে দিয়েছে। দেশকে নতুন করে মুক্ত করেছে। তিনি বলেন, জুলাইয়ে গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে তাদের ব্যথায় আমরা ব্যথিত। উপদেষ্টা বলেন, আমরা আইনি কাঠামো শক্তিশালী করার পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে গুরুত্ব দিচ্ছি। বিশ্ব শিশু অধিকার দিবসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে এমন একটি সমাজ গড়ে তুলবো, যেখানে প্রতিটি শিশু সুরক্ষিত, সম্পূর্ণভাবে বিকশিত হতে পারবে। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক সচিব নাজমা মোবারেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ এমা ব্রিগাহাম, দুজন শিশু বক্তা ফাহিম রহমান ও নাজিয়া আলম মমতা। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক তানিয়া খান।

Post Views: 470

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত