Print

Broadcasting News Corporation

আমরা ঢাকা শহরটাকে বদলে দিতে চাই

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৭, ২০২৪ , ৯:৪৮ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৭, ২০২৪, ৯:৪৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আমরা এই ঢাকা শহরটাকে বদলে দিতে চাই। ঢাকা শহরে নিঃশ্বাস নেওয়ার জন্য গাছ নেই। ঢাকা শহর কংক্রিটের শহর হয়ে গেছে। এখানে গরিবের আবাসনের ব্যবস্থাটাও নাই। এই শহরটাকে বদলে দেওয়া আমাদের জন্য চ্যালেঞ্জ। সোমবার (০৭ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) ঢাকায় রাজউক অডিটোরিয়ামে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব বসতি দিবস ২০২৪ এর আলোচনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপদেষ্টা এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, আমরা যদি তরুণদের সম্পৃক্ত করে নগর উন্নয়নের ক্ষেত্রে পরিকল্পনা নিতে চাই, তাহলে এটা এখনই শুরু করা দরকার। ব্যাপক সংস্কারের কথা বলা হচ্ছে। আমরা যেইটুকু সময় পাবো, সংস্কারটা শুরু করে দিয়ে যাবো। তিনি বলেন, প্লট বরাদ্দে কোটা উঠিয়ে দিয়ে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। লটারির মাধ্যমে ঢাকা শহরে জমি দেওয়া হবে। তরুণদের এগিয়ে নিয়ে আসার পথ করে দিতে হবে।
আমরা তো দরজাটা বন্ধ করে রাখি, যেন তাঁরা আসতে না পারে। এই দরজাগুলো খুলে দিতে হবে বাংলাদেশের মানুষের জন্য, তরুণদের জন্য। আমাদের হাজার হাজার কর্মী, যাঁরা বাংলাদেশকে বদলে দেওয়ার জন্য কাজ করছেন। তাঁদের পাশে দাঁড়িয়ে এই সময়টাকেই বদলে দেওয়া দরকার। অনুষ্ঠানের বিশেষ বক্তা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ঢাকাকে বাসযোগ্য করতে নির্দিষ্ট কর্মপরিকল্পনা দরকার। ঢাকার জন্য একটি নগর দর্শন তৈরি করা জরুরি। শুধু মেগা প্রজেক্ট করলেই হবে না, সবুজায়ন বাড়াতে হবে। উন্মুক্ত জায়গা, বসার স্থান এবং তরুণদের খেলাধুলার সুযোগ থাকতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ হামিদুর রহমান খান।

Post Views: 586

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত