Print

Broadcasting News Corporation

জনগণের আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশ জাতিসংঘের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৯, ২০২৪ , ৯:০০ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৯, ২০২৪, ৯:০০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মোঃ জসীম উদ্দিন ছাত্র-জনতার নেতৃত্বে ‘জুলাই-আগস্ট বিপ্লবের’ চেতনায় একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল বাংলাদেশ বিনির্মানে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে শক্তিশালী অংশীদারিত্বের অঙ্গীকার ব্যক্ত করেন। মঙ্গলবার (০৮ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের চলমান ৭৯তম অধিবেশনের দ্বিতীয় ও প্রথম কমিটিতে বক্তৃতা প্রদানের সময় পররাষ্ট্র সচিব এ অঙ্গীকার ব্যক্ত করেন।
দ্বিতীয় কমিটিতে প্রদত্ত বক্তৃতায় পররাষ্ট্র সচিব দ্বন্দ্ব, আর্থিক সংকট, মুদ্রাস্ফীতি, উচ্চ দ্রব্যমূল্য, পরিবেশগত অবক্ষয় এবং জীববৈচিত্র্যের ক্ষতিসহ সমসাময়িক চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এছাড়া, তিনি বিশ্বব্যাপী প্রবৃদ্ধি ও সহনশীলতা নিশ্চিতকরণে পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। প্রথম কমিটিতে বক্তৃতা প্রদানকালে তিনি পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নির্মূল এবং যুদ্ধ ও সহিংসতার সংস্কৃতির বিপরীতে শান্তির সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য সকল রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পরবর্তীতে পররাষ্ট্র সচিবের সাথে জাতিসংঘের পলিটিক্যাল ও পিসবিল্ডিং অ্যাফেয়ার্স দপ্তরের মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট-সেক্রেটারি-জেনারেল খালেদ খিয়ারি-এর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষই বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্বের বিষয়টি তুলে ধরেন। অ্যাসিস্ট্যান্ট-সেক্রেটারি-জেনারেল খিয়ারি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানের প্রশংসা করেন এবং এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে জাতিসংঘের আগ্রহ ব্যক্ত করেন। এসময় শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সাথে গাম্বিয়া ও পেরুর অংশীদারিত্বের বিষয়টি উল্লেখপূর্বক, তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণে অন্যান্য দেশকে সহায়তা প্রদানে বাংলাদেশের নেতৃস্থানীয় ভূমিকাকে সাধুবাদ জানান। পররাষ্ট্র সচিব অ্যাসিস্ট্যান্ট-সেক্রেটারি-জেনারেলকে অন্তর্বর্তী সরকার কর্তৃক গৃহীত নানাবিধ পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন এবং বাংলাদেশের এ গুরুত্বপূর্ণ অভিযাত্রায় জাতিসংঘের সহায়তা কামনা করেন। এসময় পররাষ্ট্র সচিব ও অ্যাসিস্ট্যান্ট-সেক্রেটারি-জেনারেল মানবাধিকার, উন্নয়ন এবং আইনের শাসনের মতো ক্ষেত্রসমূহে একযোগে কাজ করার বিষয়ে আলোচনা করেন।

Post Views: 747

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত