সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন পূজা মণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেছেন ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। তিনি বৃহস্পতিবার (১০ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) ঢাকার শাহীনবাগ এলাকায় বিভিন্ন পূজা মণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির সভাপতি, পুরোহিত ও সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করেন এবং পূজা উদযাপনের সামগ্রিক প্রস্তুতির বিষয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি বলেন, বাংলাদেশ একটি শান্তি প্রিয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্ম, বর্ণ ও পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে। সম্প্রীতির এই মিলন মেলায় নির্বিঘ্নে পূজা উদযাপনে সর্বত্র সুন্দর পরিবেশ বজায় রয়েছে বলে তিনি মত প্রকাশ করেন। তবে সুযোগ সন্ধানীরা যেন কোন অপতৎপরতা চালাতে না পারে সে লক্ষ্যে নৌবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। পূজা উপলক্ষ্যে সকল পূজা মণ্ডপের সুরক্ষার্থে যৌথ বাহিনীর টহল কার্যক্রম চলমান রয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী নৌবাহিনী সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনে সবার নিরাপত্তা নিশ্চিতকল্পে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। পূজা উপলক্ষ্যে ইতোমধ্যে বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় জেলার বিভিন্ন স্থানে টহল জোরদারের পাশাপাশি, জেলা ও উপজেলা পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনী, কোস্ট গার্ড, র্যাব, পুলিশ, আনসার ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধির সমন্বয়ে কন্ট্রোল রুম স্থাপন করেছে। যে কোন নাশকতা কিংবা অপতৎপরতা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। সনাতন ধর্মাবলম্বী প্রত্যেক বাংলাদেশি অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করছে বলে মনে করেন রিয়ার এডমিরাল মুসা। পাশাপাশি তিনি সকলের সহযোগিতা ও পারস্পারিক সম্প্রীতি বজায় রাখার আহবান জানান। এ সময় পরিদর্শনকালে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ছবি ও তথ্যসূত্র: আইএসপিআর।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত