রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ ও বৈষম্যহীন দেশ হিসেবে গড়ে তুলতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তিনি বলেন, জাতীয় অগ্ৰগতি ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে সমাজের বিদ্যমান সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ অটুট রাখতে হবে।
রাষ্ট্রপতি রবিবার (১৩অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বঙ্গভবনে হিন্দু ধর্মাবলম্বী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, সকল ধর্মের মূল বাণী হচ্ছে মানবকল্যাণ। আমরা সবাই বাংলাদেশি। এখানে সবাই একই সূত্রে গাঁথা। এখানে সংখ্যাগুরু বা সংখ্যালঘু ভিত্তিক চিন্তা অবান্তর। সবাই এক ও অভিন্ন সত্ত্বা।
ধর্মীয় মূল্যবোধকে দেশ ও জনকল্যাণে কাজে লাগাতে হবে। তিনি আরো বলেন, পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বন্ধনে নতুন প্রজন্মের জন্য একটি প্রগতিশীল ও শান্তিপূর্ণ সামাজিক ব্যবস্থা গড়ে তোলাই হোক এবারের বিজয়ার অঙ্গীকার। এসময় দেশের বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়াতে দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, হিন্দু ধর্মীয় গুরু, রাষ্ট্রপতির সচিবগণ, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিদেশি কূটনীতিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণিপেশার হিন্দু ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে, রাষ্ট্রপতি আমন্ত্রিত অতিথিবৃন্দের সাথে কুশল বিনিময় করেন ।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত