Print

Broadcasting News Corporation

বাংলাদেশের জলসীমা থেকে দুটি বিদেশি ফিশিং ট্রলার আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৭, ২০২৪ , ১:২৬ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৭, ২০২৪, ১:২৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

বাংলাদেশের সমুদ্র-সীমা ও সমুদ্র সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে সর্বদা দায়িত্ব পালন করছে বাংলাদেশ নৌবাহিনী। বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় যেকোনো ধরনের অনুপ্রবেশ ও অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে নৌবাহিনী জাহাজ বিভিন্ন অপারেশন পরিচালনা করছে।

এ ধারাবাহিকতায় অপারেশন নির্মূলে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ শহীদ আখতার উদ্দিন মঙ্গলবার (১৫অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) বিকালে নিয়মিত টহল চলাকালীন বঙ্গোপসাগরের গভীরে বিদেশি পতাকাবাহী দুটি ফিশিং ট্রলার আটক করে। বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস আখতার উদ্দিন ‘অপারেশন নির্মূল’ এর আওতায় গত ১৪ অক্টোবর ২০২৪ হতে বঙ্গোপসাগরের নিয়োজিত রয়েছে।

নিয়মিত প্যাট্রোলিং চলাকালে জাহাজটির রাডারে সন্দেহজনক ট্রলারের উপস্থিতি লক্ষ্য করা যায়। ট্রলার দুটির তথ্যাদি বিশ্লেষণ করে বিদেশি পতাকাবাহী ট্রলার হিসেবে সনাক্ত করা হয়। এ সময় ট্রলার দুটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌবাহিনী জাহাজ শহীদ আখতার উদ্দিন ধাওয়া করে ফিশিং ট্রলার দুটিকে বাংলাদেশের জলসীমার অভ্যন্তরেই আটক করতে সক্ষম হয়। আটককৃত ট্রলার দুটিতে মোট ৩১ জন সদস্য ছিল। তাদের সবাই বিদেশি নাগরিক। পরবর্তীতে আটককৃত ফিশিং ট্রলার দুটি পটুয়াখালীতে নিয়ে আসা হয় এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ফিশিং ট্রলার ও জেলেদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশের জলসীমায় যে কোনো ধরনের বিদেশি অনুপ্রবেশ ও অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে শহীদ আখতার উদ্দিনসহ নৌবাহিনীর ১৩ টি জাহাজ সমুদ্রে, ১০ টি জাহাজ নদী এলাকায় ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটসমূহ অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে নজরদারী চালিয়ে যাচ্ছে। বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ এবং আমাদের জলসীমার সুরক্ষায় নৌবাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে। ছবি ও তথ্যসূত্র: আইএসপিআর।

Post Views: 2,075

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত