Print

Broadcasting News Corporation

বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী অধ্যাদেশ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৭, ২০২৪ , ৬:৩৯ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৭, ২০২৪, ৬:৪১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

 

বৃহস্পতিবার (১৭অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী অধ্যাদেশ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া ২০২৫ খ্রিষ্টাব্দের সরকারি ছুটির তালিকাও অনুমোদন করেছে এ সভা।

বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী অধ্যাদেশ এর খসড়ার বলা হয়েছে:
অভিবাসী কর্মীর নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনের লক্ষ্যে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩’ অধিকতর সংশোধনের লক্ষ্যে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৩’ প্রণয়ন করা হয়।
২০২৩ সালের সংশোধিত আইনে ধারা ৩৫ নতুনভাবে প্রতিস্থাপিত হওয়ায় বর্তমানে শুধু রিক্রুটিং এজেন্সি কর্তৃক সরকারের অনুমোদন ছাড়া শাখা অফিস স্থাপন কিংবা সাব-এজেন্ট বা প্রতিনিধি নিয়োগ করলে বা কোনো ব্যক্তি নিজেকে সেই মর্মে উপস্থাপন করলে শাস্তি আরোপের বিধান রয়েছে। এ আইনের অধীন অন্যান্য অপরাধের কারণে মোবাইল কোর্ট কর্তৃক দণ্ড প্রদানের সুযোগ সংকুচিত হয়েছে।

অভিবাসন প্রক্রিয়ার বিভিন্ন অনিয়ম প্রতিরোধ, অভিযোগ হ্রাস ও অপরাধ প্রতিহত করার লক্ষ্যে মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড আরোপের পরিধি বৃদ্ধির জন্য বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-এর মূল ধারা ৩৫ যা ২০২৩ সালের সংশোধিত আইন দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল তা আংশিক সংশোধন-পূর্বক নিম্নরূপ “ধারা ৩৫ক। অন্যান্য অপরাধের দণ্ড।” হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে –

“কোনো ব্যক্তি যদি এই আইনে সুনির্দিষ্টভাবে দণ্ডের বিধান উল্লেখ নাই এইরূপ এই আইনের কোনো বিধান লঙ্ঘন করেন তাহা হইলে তিনি অনধিক ৬ (ছয়) মাস কারাদণ্ড অথবা অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।”

অভিবাসন সংক্রান্ত অভিযোগসমূহ তদারক, এনফোর্সমেন্ট কার্যক্রম জোরদার-করণ এবং জরুরি প্রয়োজন বিবেচনায় বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-তে উপরোক্ত ধারা-৩৫ক জনস্বার্থে সংযোজন করা আবশ্যক।
উক্ত অধ্যাদেশটি উপদেষ্টা পরিষদ-বৈঠকে অনুমোদন করা হয়েছে।

২০২৫ খ্রিষ্টাব্দের সরকারি ছুটির তালিকা

বাংলা একাডেমি কর্তৃক প্রণীত ১৪৩১-১৪৩২ বঙ্গাব্দের তারিখ সংবলিত বর্ষপঞ্জি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে প্রেরিত বিভিন্ন ধর্মীয় পর্বসমূহের তালিকা, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর হতে আরবি মাসের প্রথম তারিখ ও ইসলামী পর্বসমূহের তালিকা এবং ২০২৪ খ্রিষ্টাব্দের ছুটির তালিকা অনুসরণ-পূর্বক ২০২৫ খ্রিষ্টাব্দের ছুটির তালিকা প্রণয়ন করা হয়েছে।

অনুমোদিত ছুটির তালিকায় অন্তর্ভুক্ত বিষয়সমূহ নিম্নরূপ:

(ক) জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষ্যে ১২ (বার) দিন সাধারণ ছুটি। এ ছুটির মধ্যে ০৫ (পাঁচ) টি সাপ্তাহিক ছুটির দিন (০৩টি শুক্রবার ও ২টি শনিবার)।

(খ) বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষ্যে ১৪ (চৌদ্দ) দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি; এর মধ্যে ০৪ (চার)টি সাপ্তাহিক ছুটির দিন (০২টি শুক্রবার ও ০২টি শনিবার)।

(গ) ধর্মীয় পর্ব উপলক্ষ্যে প্রজাতন্ত্রের কর্মচারীদের বছরে অনধিক ০৩ (তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভোগের জন্য ধর্মীয় পর্বসমূহের বিবরণ।

(ঘ) পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ সামাজিক উৎসব উদযাপন উপলক্ষ্যে ০২ (দুই) দিন ঐচ্ছিক ছুটি। এ ছুটির মধ্যে ০১ (এক)টি সাপ্তাহিক ছুটির দিন (০১টি শনিবার)।

(ঙ) ২০২৫ খ্রিষ্টাব্দের জন্য ১২ (বারো) দিন সাধারণ ছুটি ও ১৪ (চৌদ্দ) দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব করা হইয়াছে অর্থাৎ প্রস্তাবিত মোট ছুটি (০৯ দিনের সাপ্তাহিক ছুটি ০৫টি শুক্রবার ও ০৪টি শনিবার ব্যতীত) ২৬-০৯=১৭ দিন। উল্লেখ্য, ২০২৪ খ্রিষ্টাব্দের অনুমোদিত মোট ছুটি (০২ দিনের সাপ্তাহিক ছুটি শুক্রবার ব্যতীত) ছিল ২২-০২=২০ দিন।
২০২৫ সালের সরকারি ছুটির তালিকা উপদেষ্টা পরিষদ-বৈঠকে অনুমোদন করা হয়েছে।

Post Views: 393

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত