Print

Broadcasting News Corporation

দূষণ নিয়ন্ত্রণে উদাহরণ স্থাপন করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২২, ২০২৪ , ৫:৪৪ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২২, ২০২৪, ৫:৪৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বায়ু, শব্দ, প্লাস্টিক ও নদী দূষণ নিয়ন্ত্রণে সরকার উদাহরণ স্থাপন করতে দৃঢ় প্রতিজ্ঞ। জনগণের জন্য একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া, পলিথিন ব্যাগ নিষিদ্ধের বর্তমান বাস্তবায়নের কথা উল্লেখ করে তিনি বলেন উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনে ব্যবস্থাপনা পরিকল্পনাও হালনাগাদ করা হতে পারে।

মঙ্গলবার (২২অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) বাংলাদেশ সচিবালয়ে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইর্মা ভ্যান ডুরেনের সাক্ষাৎকালে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। সাক্ষাতে বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে নেদারল্যান্ডসের সঙ্গে সহযোগিতা শক্তিশালী করার ওপর আলোচনা হয়। উভয় পক্ষ জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবনতি মোকাবিলায় চলমান উদ্যোগ এবং ভবিষ্যতের সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ সংরক্ষণ বিশেষ করে নদী রক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নদীগুলো আমাদের জীববৈচিত্র্যের মূলভিত্তি এবং যেকোনো টেকসই পরিচ্ছন্নতার উদ্যোগে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

রাষ্ট্রদূত ইর্মা ভ্যান ডুরেন বাংলাদেশকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এবং পানি সম্পদ ব্যবস্থাপনা উন্নত করতে সহায়তা করার জন্য নেদারল্যান্ডসের প্রস্তুতির কথা জানান। উভয় পক্ষ ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণ ও পানি সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আরো সহযোগিতার আশাবাদ ব্যক্ত করে বৈঠক শেষ করেন। পানি ব্যবস্থাপনায় নেদারল্যান্ডসের অভিজ্ঞতা এবং টেকসই উন্নয়নের প্রতি বাংলাদেশের অঙ্গীকারকে সহযোগিতার শক্তিশালী ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়।

সাক্ষাৎকালে পরিবেশ সচিব, পানি সম্পদ সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এবং দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Post Views: 1,152

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত