Print

Broadcasting News Corporation

সাইবার নিরাপত্তা আইন বাতিল হলে সম্পর্কিত সমস্ত মামলা রহিত হয়ে যাবে

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৮, ২০২৪ , ১০:৫৪ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৮, ২০২৪, ১০:৫৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ইতঃপূর্বে দেওয়া ঘোষণা অনুযায়ী সাইবার নিরাপত্তা আইন (সিএসএস) বাতিল করা হচ্ছে। আইনটি যখন বাতিল করা হবে তখন স্পিচ অফেন্স সম্পর্কিত সমস্ত হয়রানিমূলক মামলা রহিত হয়ে যাবে। যারা সাংবাদিক, মুক্ত মনের মানুষ, ভিন্ন মতের মানুষ তাদের বক্তব্যের জন্য, তাদের যেকোনো ধরনের মতামত প্রকাশের জন্য যে সমস্ত মামলা দায়ের করা হয়েছিল সেগুলো রহিত হয়ে যাবে।
তবে কম্পিউটার অফেন্স বা কম্পিউটার হ্যাকিং সম্পর্কিত মামলাগুলোর বিচার অব্যাহত থাকবে।

শুক্রবার (০৮নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ) রাজধানীর ঢাকা ক্লাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, বর্তমান সরকার সাংবাদিকবান্ধব সরকার। এ সরকারের পক্ষ থেকে কোনো সাংবাদিকের বিরুদ্ধে কোন হয়রানিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। কোনো সাংবাদিকের বিরুদ্ধে আমাদের সরকার বা পুলিশ কোনো হয়রানিমূলক মামলা করেনি।

সত্যিকারের পেশাজীবী সাংবাদিকদের নেতৃত্বে আনার পরামর্শ দিয়ে আইন উপদেষ্টা বলেন, একজন সাংবাদিক, সে যতই সাংবাদিকতা করুক, সে যদি গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, অবৈধ নির্বাচন, বাংলাদেশকে লুট করা, বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্রের পদাবনত করে রাখাকে অব্যাহতভাবে প্রকাশ্যে সমর্থন করে। একটি ফ্যাসিস্ট সরকারকে যদি প্রকাশ্যে সমর্থন করে, তাকে কি আপনারা সাংবাদিক বলবেন? না অন্য কিছু বলবেন, চিন্তা করে দেখবেন।
তিনি আরো বলেন, বহু সাংবাদিক আছেন, যারা ফ্যাসিস্ট সরকারের পদলেহী হোন নাই। তারা সত্য ও ন্যায়ের পথে ছিলেন।

ডিআরইউ এর সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, ডিআরইউ-দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড এর জুরি বোর্ডের চেয়ারম্যান এম শফিকুল করিম, ডিআরইউ-এর সাধারণ সম্পাদক মহি উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে অ্যাওয়ার্ড প্রাপ্তদের মাঝে ক্রেস্ট, সনদপত্র, চেক ও রেপ্লিকা প্রদান করা হয়।

Post Views: 396

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত