ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে স্থায়ী রূপ দিতে পারলে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত বিজয়কে বিভিন্নভাবে ভূলুন্ঠিত করা হয়েছে। এদেশের ইতিহাসে গণতন্ত্রের আকাঙ্ক্ষা বারবার পর্যুদস্ত হয়ে একটি ব্যক্তিতান্ত্রিক শাসনে পরিণত হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ) ঢাকায় জাতীয় সংসদ ভবনের এল ডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আলোচনার শুরুতে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন। এসময় ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।
জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনকে পরাভূত করে বাংলাদেশের ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় রচনা করতে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে দাবি করে অধ্যাপক আলী রীয়াজ বলেন,
দীর্ঘদিনের যে ফ্যাসিবাদী শাসন জগদ্দল পাথরের মতো এদেশের মানুষের বুকের ওপর বসে ছিল, তার বিরুদ্ধে জীবনবাজি রেখে লড়াই, অকুতোভয় সংগ্রাম এবং প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে সে শাসনকে পরাস্ত করা সম্ভব হয়েছে; যা বাংলাদেশকে রাষ্ট্র সংস্কারের দিকে অগ্রসর করেছে।
আলোচনায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধিদলে দলটির সদস্য সচিব আখতার হোসেন ছাড়াও সামান্তা শারমিন, হাসনাত আব্দুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারী, সারোয়ার তুষার, জাভেদ রাসিন এবং নাহিদা সারোয়ার নিভা এসময় উপস্থিত ছিলেন।
জাতীয় ঐকমত্য কমিশন থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত