Print

Broadcasting News Corporation

মহান মে দিবস উপলক্ষ্যে ছায়া সংসদ বিতর্ক

প্রকাশিত হয়েছে: মে ৩, ২০২৫ , ১১:১৫ অপরাহ্ণ | আপডেট: মে ৩, ২০২৫, ১১:১৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মহান মে দিবস-২০২৫ উদযাপনের অংশ হিসেবে আজ ঢাকায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’ প্রতিপাদ্যে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ‘শ্রমিক অধিকার সুরক্ষায় মালিক অপেক্ষা শ্রমিক সংগঠনের দায়িত্ব বেশি’ বিষয়ে বিতর্কে অংশ নেন।

প্রধান অতিথির বক্তৃতায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রমিক-মালিক সম্পর্কের উন্নয়নে ত্রি-পক্ষীয় কাউন্সিলের আলোচনা জোরদার করা হয়েছে। যেসব মালিক শ্রমিকদের ন্যায্য অধিকার দেন, তাদের প্রতিষ্ঠানে অসন্তোষ কম। কিন্তু রানা প্লাজার মতো ট্র্যাজেডি মালিক-পক্ষের অবহেলার ফল। তিনি শ্রমিকদের বকেয়া মজুরি না দেওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশের ঘোষণা দেন।

উপদেষ্টা জাপানের টয়োটার উদাহরণ টেনে বলেন, ৪০ বছর ধরে সেখানে শ্রমিক অসন্তোষ নেই, যদিও ট্রেড ইউনিয়ন সক্রিয়। বাংলাদেশেও এমন শিল্প-সংস্কৃতি গড়ে তুলতে হবে। তিনি সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে পুলিশি দমন-পীড়নের কথাও উল্লেখ করেন।

অনুষ্ঠানে তেজগাঁও কলেজের বি-তার্কিক দল বিজয়ী হয় এবং উপদেষ্টা তাদের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ উপস্থিত ছিলেন।

Post Views: 392

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত