Print

Broadcasting News Corporation

এএফডি ও বিইউপি এর যৌথ ব্যবস্থাপনায় সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: মে ৪, ২০২৫ , ৯:০০ অপরাহ্ণ | আপডেট: মে ৪, ২০২৫, ৯:০০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর যৌথ ব্যবস্থাপনায় ‘Repatriation of Rohingyas in Bangladesh: Strategic Implications on Regional Security and Ways Ahead’ শীর্ষক সেমিনার রবিবার (০৪ মে ২০২৫ খ্রিস্টাব্দ) ‘স্বাধীনতা অডিটরিয়াম’ বিইউপি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, পিএইচডি উপস্থিত ছিলেন।

এছাড়াও সেমিনারে কূটনীতিক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সামরিক এ্যাটাশে, সশস্ত্র বাহিনীর কর্মকর্তাগণ, রোহিঙ্গা বিষয়ক বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ, বিভিন্ন মন্ত্রণালয়/সংস্থার কর্মকর্তাবৃন্দ, মিডিয়া ব্যক্তিবর্গ এবং বিইউপি’র ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

এই সেমিনারের মূল লক্ষ্য ছিলো বিশেষজ্ঞ ব্যক্তিবর্গের আলোচনা ও অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে আঞ্চলিক নিরাপত্তার উপর রোহিঙ্গা প্রত্যাবাসনের কৌশলগত প্রভাব ও এর চ্যালেঞ্জ চিহ্নিত পূর্বক বর্তমান প্রেক্ষাপটে ভবিষ্যতে করণীয় ও সুপারিশ নির্ণয় করা।

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বিইউপি’র উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহবুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি।

বিশেষ অতিথি হিসেবে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার তাঁর বক্তব্যে সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির প্রভাব ও সীমান্ত এলাকায় মিয়ামারের সরকারি কর্তৃপক্ষের অনুপস্থিতির জটিলতা তুলে ধরে রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে দ্বিপাক্ষিক উদ্যোগসহ আন্তর্জাতিক সম্প্রদায় এবং আঞ্চলিক অংশীদারদের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

পররাষ্ট্র উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ তাদের বক্তব্যে বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য বর্তমান সরকার একটি সুষ্ঠু সমাধানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সরকার রোহিঙ্গা প্রত্যাবাসনে সম্ভাব্য সকল উপায় ও বহুমাত্রিক কূটনীতি পন্থা অবলম্বনের মাধ্যমে এ সমস্যার সুষ্ঠু সমাধানে আশাবাদী।

আন্তর্জাতিক সম্প্রদায়কে অন্যান্য বৈশ্বিক সংঘাতের মধ্যে রোহিঙ্গা সংকটের ওপর থেকে মনোযোগ যেন সরে না যায়, সেটি নিশ্চিত করা জরুরি। তাছাড়া রোহিঙ্গাদের ফিরে যাওয়ার বিষয়ে একটি রোডম্যাপ থাকার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করা হয়। মিয়ানমারের মূল অংশীদার সামরিক জান্তা, আরাকান আর্মি এবং জাতীয় ঐক্য সরকার (এনইউজি) বিধায় যেকোনো স্থায়ী সমাধানে এই তিন পক্ষকেই যুক্ত হতে হবে।

Post Views: 1,684

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত