Print

Broadcasting News Corporation

অবৈধ ইটভাটা, পলিথিন ও দূষণকারী কারখানার বিরুদ্ধে সারা দেশে অভিযান

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৪, ২০২৫ , ৯:০৩ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৪, ২০২৫, ৯:০৩ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পরিবেশ অধিদপ্তর বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) সারা দেশে বায়ুদূষণকারী অবৈধ ইটভাটা, নিষিদ্ধ ঘোষিত পলিথিন এবং দূষণকারী শিল্পকারখানার বিরুদ্ধে ব্যাপক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে। ইট প্রস্তুত ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুসারে চট্টগ্রাম, কুষ্টিয়া, দিনাজপুর, ঝিনাইদহ ও বরিশাল জেলায় পরিচালিত পাঁচটি অভিযানে মোট ১২টি মামলার মাধ্যমে ৩৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ১২টি অবৈধ ইটভাটার কাঁচা ইট ধ্বংস, চিমনি ভেঙে কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এছাড়া বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) লঙ্ঘন করে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রয়ের অভিযোগে সিরাজগঞ্জ জেলায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ১টি মামলার মাধ্যমে ১ হাজার টাকা জরিমানা আদায় ও ২ কেজি পলিথিন জব্দ করা হয়। অভিযানের সময় বিভিন্ন বাজার, দোকান ও সুপারশপে পলিথিন ব্যবহারের বিরুদ্ধে সতর্কতামূলক বার্তা প্রদান এবং লিফলেট বিতরণ করা হয়।
যানবাহন থেকে মানমাত্রাতিরিক্ত ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে ঢাকা মহানগরে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে পরিচালিত মোবাইল কোর্টে ১০টি মামলার মাধ্যমে ৪৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং একাধিক যানবাহনের চালককে সতর্ক করা হয়। একই স্থানে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুযায়ী শব্দদূষণ বিরোধী অভিযানে ৩টি মামলার মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা আদায় এবং ৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এসময় চালকদের শব্দ নিয়ন্ত্রণে সতর্ক করা হয়।
অন্যদিকে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুসারে ঝিনাইদহ এবং ঢাকা মহানগরের বসিলা-মোহাম্মদপুর এলাকায় নির্মাণসামগ্রী ও খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ধোঁয়া দ্বারা পরিবেশ দূষণের অভিযোগে পরিচালিত দুইটি মোবাইল কোর্টে ১০টি মামলায় ১ লাখ ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা এবং তাৎক্ষণিকভাবে নির্মাণসামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়।
এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ঢাকার বিভিন্ন স্থানে যৌথভাবে দূষণবিরোধী অভিযান পরিচালনা করে।
এদিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুসারে অবৈধভাবে পরিচালিত একটি ডাইং কারখানার বিরুদ্ধে নারায়ণগঞ্জে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে কারখানাটির সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, দূষণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Post Views: 292

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত