Print

Broadcasting News Corporation

হাদিকে চিঠি

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২০, ২০২৫ , ৪:৪৫ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২০, ২০২৫, ৪:৪৫ অপরাহ্ণ

রাজু আহমেদ।


প্রাবন্ধিক।

🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

প্রিয় ওসমান হাদি ,

কী চাইছিলা তুমি? ঢাকা-০৮ থেকে এমপি হতে? আল্লাহ তো তোমারে বাদশাহ বানিয়ে ডেকে নিলো। ওসমানী সাম্রাজ্যের সেই বিখ্যাত ওসমানের মতো। তুমি তো আঠারো কোটি মানুষের হৃদয়ের সবটুকু ভালোবাসা অর্জন করে নিলা।
তোমার জন্য যত চোখের জল ঝরেছে, যত মানুষ দোয়ার হাত তুলেছে, যত মানুষ তাহাজ্জুদে-জায়নামাজে রাত জেগেছে, যত মানুষ জানাজায় অংশ নিতে ঢাকা গেছে— এদেশের আর কেউ তা স্বপ্নেও ভাবতে পারে না।
তুমি আট ভাই-বোনের একজন নও, তুমি কোটি মানুষের পরমাত্মীয়ে পরিণত হয়েছ। একবার চোখ মেলে তাকাও— কী দেখতে পাও? কত মানুষের ভালোবাসা সাথে করে নিয়ে গেলে?

কাজী নজরুল ইসলামের পাশে কবর—

কার এমন সৌভাগ্য জোটে, বল তো? কবির সান্নিধ্যে কিয়ামত পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের আজান শুনবে বসে। শরীফ ওসমান হাদি, তোমার নামের শুরুতে যে ‘শহীদ’ মুকুট যুক্ত হয়েছে, তা শত জনমের ভাগ্যগুণেও সবার কপালে জোটে না। মাত্র তেত্রিশ বছরের জীবনে তুমি এমন উচ্চতায় পৌঁছেছ যে একাই আকাশ ফুঁড়ে শির উন্নত করেছ। এর চেয়ে মহৎ জীবন, এর চেয়ে কাঙ্ক্ষিত পরিণতি আর কীইবা হতে পারে! ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ চত্বরের সবুজ ঘাসের নিচে তোমার দেহ নিদ্রিত থাকবে ঠিকই কিন্তু তুমি তো ঘুমাওনি— তুমি বেঁচে আছ, বেঁচে থাকবে আঠারো কোটি মানুষের হৃদয়ের গভীরে- গহীনের মমতায়।

প্রিয় বন্ধু ও রাহবার,
চেয়ে দেখো, আজ প্রতিটি বাবা চায় তার সন্তান ওসমান হাদির মতো হোক। কত মা বলেছে— নিজের সন্তান হারালেও হয়তো এতটা ব্যথা পেত না, যতটা পেয়েছে তোমার চলে যাওয়ায়। তুমি নায়ক, তুমি মহীরুহ। আল্লাহর দরবারে আমাদের কথা বলো— বাংলাদেশের মানুষের সীমাহীন ভালোবাসার কথা জানিও।

এমন জীবন গড়লে যাতে তুমি মরণে হাসিলে, আর কাঁদল বাকি দুনিয়া। এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে, হাদি? সংসদে যারা দাঁড়াবে, তাদের সামনে থাকবে তোমার আদর্শ। যারা দেশপ্রেমের কথা বলবে, তারা তোমাকেই পাঠ্যবইয়ের উদাহরণ বানাবে। আর যারা অন্যায়, অবিচার আর ষড়যন্ত্রের পথে হাঁটে— তারা তোমার জনপ্রিয়তা ও আদর্শের কাছেই আজীবন ভীত থাকবে।

প্রিয় হাদি, তুমি আর নলছিটি কিংবা ঢাকা-০৮–এর নও। তুমি সমগ্র বাংলাদেশের, তুমি সব মানুষের। তোমার মতো বিপুল ভালোবাসা নিয়ে এই দেশ থেকে আল্লাহর দিদারে পাড়ি দেওয়ার সৌভাগ্য খুব কম মানুষেরই হয়েছে।

তুমি সৌভাগ্যবান; তোমার মা, তোমার সন্তান মহাভাগ্যবান/ভাগ্যবতী। তোমার স্ত্রী সৌভাগ্যের পরশ মনি পেয়েছিল। শহীদকে মৃত বলতে আল্লাহ নিজেই নিষেধ করেছেন। তুমি তো সবই দেখছ। বলো তো—জান্নাতের বাগানে বসে বাংলাদেশের দিকে তাকিয়ে তোমার কেমন লাগছে? নিশ্চয়ই তৃপ্ত, নিশ্চয়ই গর্বিত। এমন জীবন তুমি গড়ে গেলে যে জীবনকে ঈর্ষা করতেই হয়, প্রিয় বর্ষা-বিপ্লবের বন্ধু।

তুমি সফল, আমরা তোমার মতো না হতে পেরে ব্যর্থ।

প্রিয় ওসমান হাদি ভাই,
তোমার হত্যাকারী, তাদের সহযোগী এবং যারা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র-চক্রান্ত করে— তাদের অপরাধ আমরা ভুলব না, কিন্তু প্রতিশোধ নয়; আমরা চাই ন্যায়বিচার। আমরা লড়ব সত্য দিয়ে, বিবেক দিয়ে, আদর্শ দিয়ে। আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে তোমার যে সংগ্রাম, তা আমরা বহন করব প্রজন্ম থেকে প্রজন্মে— শিক্ষায়, রাজনীতিতে, নৈতিকতায়।

তোমার রেখে যাওয়া মিশন ছড়িয়ে পড়বে আজাদীর প্রেরণায়। ইনসাফ কায়েম হবেই— এ আমাদের বিশ্বাস। তোমার রক্ত বৃথা যাবে না— এই অঙ্গীকার আমরা করি, হিংসায় নয়, ন্যায়ের পথে অবিচল থেকে।

শহীদ ওসমান হাদি— তুমি অমর। প্রশান্ত চিত্তে ঘুমাও এখন।

রাজু আহমেদ, প্রাবন্ধিক।

Post Views: 804

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত