Print

Broadcasting News Corporation

বরিশালে জাতীয় সমাজসেবা দিবস উদ্যাপন

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৩, ২০২৬ , ৫:৩৩ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৩, ২০২৬, ৫:৩৩ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

বরিশাল, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় বরিশালেও জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষে আত্ম-অনুসন্ধান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (০৩ জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ) সমাজসেবা অধিদপ্তর ও বরিশাল স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহের আয়োজনে নগরীর রূপাতলীস্থ জেলা সমাজসেবা কমপ্লেক্স চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ সোহরাব হোসেন সভায় প্রধান অতিথি ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, আত্ম-অনুসন্ধানের প্রধানতম দিক হলো আত্ম-উপলব্ধি। নিজেকে পরিশুদ্ধ করার প্রথম শর্তই হলো নিজের কর্মের গঠনমূলক সমালোচনা করা। আমরা যদি নিজের উন্নতি ও উৎকর্ষ সাধন করতে চাই, তবে গভীর আত্ম-অনুসন্ধান অপরিহার্য।
সরকারি দপ্তরগুলোতেও আত্ম-অনুসন্ধান সংস্কৃতি গড়ে তোলা জরুরি। এতে প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি বলেন, সমাজসেবা অধিদপ্তর গভীর ভালোবাসা ও মমত্ববোধের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আগলে রেখেছে। এ অধিদপ্তর বর্তমানে অসহায় ও আর্তমানবতার সেবায় এক নির্ভরযোগ্য আশ্রয়ের ভরসাস্থল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বরিশাল বিভাগের প্রান্তিক পর্যায়ের অবহেলিত মানুষগুলো সমাজসেবার নানামুখী উদ্যোগের ফলে সরাসরি উপকৃত হচ্ছে, যা সামগ্রিক সামাজিক উন্নয়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
সমাজের সামর্থ্যবানদের উদ্দেশে তিনি বলেন, শুধু সামাজসেবার আশায় বসে না থেকে নিজ নিজ অবস্থান থেকে পথশিশু ও সমাজের দুস্থ মানুষের পাশে দাঁড়ালে দেশ ভালোবাসা ও মমত্ববোধে ভরে উঠবে।
উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, পথশিশুদের স্বাভাবিক ও সমাজভিত্তিক মূলধারার জীবনযাত্রায় নিয়ে আসতে হবে। তাদেরকে শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি জীবনের নিরাপত্তা প্রদান করতে হবে। পথশিশু ও এতিমদের জন্য জন্মনিবন্ধনের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। ফলে তারা শিক্ষিত হয়ে বিভিন্ন চাকরিতে আবেদনের সুযোগ পাবে। শিশুনিবাসে থাকা শিশুরা যাতে ১৮ বছর পূর্ণ হয়ে বের হওয়ার সময় প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এছাড়া শিশুনিবাসে থাকা প্রতিটি শিশুর তথ্য সংরক্ষণের জন্য একটি সমন্বিত ডাটাবেজ তৈরি করা জরুরি বলে বক্তারা মন্তব্য করেন।
বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে পুলিশ সুপার ফারজানা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভীন, মেডিকেল অফিসার ডা. মুন্সী মুবিনুল হক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ, কে, এম আক্তারুজ্জামান তালুকদার, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ (অব:) মো: আব্দুল মোতালেব হাওলাদার বিশেষ অতিথির বক্তৃতা করেন। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, উপকারভোগী, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে জেলা সমাজসেবা কমপ্লেক্স চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।

Post Views: 244

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত