কুষ্টিয়া, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: কুষ্টিয়ায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় প্রায় ৩৩ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী ‘এইচ আর এন্টারপ্রাইজ’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় বিজিবি সদস্যরা। তল্লাশিকালে মালিকবিহীন অবস্থায় ৯ হাজার ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।
এছাড়া গত সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সীমান্তবর্তী শেওড়াতলা এলাকায় পৃথক অভিযান চালায় বিজিবি। সেই অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ ও ১ হাজার ৪৪০ পিস সিনডিনাফিল ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের বাজারমূল্য ৪ লাখ ৪৭ হাজার টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক জানান, উদ্ধারকৃত সব মাদকদ্রব্যের মোট বাজারমূল্য ৩৩ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা। জব্দকৃত এসব মাদকদ্রব্য ধ্বংস করার লক্ষ্যে বর্তমানে ব্যাটালিয়ন স্টোরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক পাচার ও সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত