ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ২৬তম সমাবর্তনের সেশন চেয়ার ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বুধবার (০৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) সমাবর্তনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, উচ্চশিক্ষা কেবল শিক্ষা গ্রহণই নয়, বরং তা সমাজ, গণতন্ত্র ও জনকল্যাণের প্রতি দায়িত্ববোধ তৈরি করে।
উপদেষ্টা বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা বিশ্বের এমন এক অংশ, যাদের প্রভাব ক্যাম্পাসের সীমা ও বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে বহুদূর বিস্তৃত। ঢাকা, সিঙ্গাপুর, লন্ডন, টরন্টো ও সিডনির মতো শহরে ব্যবসা, অর্থনীতি, আইন, প্রযুক্তি, উন্নয়ন, গণমাধ্যম, শিক্ষা ও জননীতিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের নেতৃত্বের ভূমিকার কথা তিনি উল্লেখ করেন।
উপদেষ্টা আরো বলেন, নেতৃত্ব কেবল পেশাগত সাফল্য বা প্রাতিষ্ঠানিক ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সংকটের সময়ে নেতৃত্বের প্রকৃত পরীক্ষা হয়। ছাত্রদের নেতৃত্বে জুলাই ২০২৪-এর আন্দোলনের প্রসঙ্গ টেনে প্রফেসর আবরার একে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করে বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দৃশ্যমান ও সাহসী অংশগ্রহণ ছিল উল্লেখ করার মতো।
উপদেষ্টা ওই আন্দোলনে শহিদ ও আহত সকলের প্রতি শ্রদ্ধা জানান এবং বিশেষভাবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহিদ আবিরকে স্মরণ করে বলেন, ‘তাঁর মৃত্যু আমাদের স্মরণ করিয়ে দেয় যে গণতান্ত্রিক সংগ্রামের একটি বাস্তব মানবিক মূল্য রয়েছে।’
বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা তুলে ধরে প্রফেসর আবরার বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলো বর্তমানে দেশের উল্লেখযোগ্য সংখ্যক গ্র্যাজুয়েট তৈরি করছে এবং জাতীয় ও বৈশ্বিক সক্ষমতা উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে। তিনি শুরুর দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে নর্থ সাউথ ইউনিভার্সিটির অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে বলেন, এর একাডেমিক মর্যাদা ও আন্তর্জাতিক সুনাম কেবল অবকাঠামো ও বৈশ্বিক সংযোগের মাধ্যমে নয়, বরং এর শিক্ষার্থীদের মূল্যবোধ ও আচরণের মাধ্যমেই গড়ে উঠেছে।
একই সঙ্গে উপদেষ্টা বেসরকারি উচ্চশিক্ষা ব্যবস্থা সম্পর্কে বলতে গিয়ে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার ব্যয় এখনো মেধাবী শিক্ষার্থীর জন্য বড় বাধা হয়ে রয়েছে। সমাবর্তনে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “সাফল্য যেন কেবল আয় বা পদমর্যাদার ভিত্তিতে না হয়, বরং তা যেন সমাজে তার কতটুকু অবদান আছে এর ভিত্তিতে মূল্যায়ন করা হয়।”
নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজিত এই সমাবর্তনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফয়েজ সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন এবং কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত