Print

Broadcasting News Corporation

রাষ্ট্রের সর্বময় ক্ষমতার মালিক জনগণ

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৯, ২০২৬ , ৭:২৯ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৯, ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির খান বলেছেন, রাষ্ট্রের সর্বময় ক্ষমতার মালিক জনগণ। এই ক্ষমতার পরিপূর্ণ প্রয়োগ ঘটে নির্বাচনের মাধ্যমে। গত দেড় দশক মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আসন্ন নির্বাচন গতানুগতিক নির্বাচন হবে না।

শুক্রবার (০৯ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) সকালে দিনাজপুরের বড়মাঠে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে ভোটের গাড়ির মাধ্যমে ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দিনাজপুর জেলা তথ্য অফিসের সহযোগিতায় জেলা প্রশাসন এই প্রচার কর্মসূচির আয়োজন করে।

উপদেষ্টা আরো বলেন, এবার একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মাধ্যমে আগামী বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে যোগ্য প্রতিনিধি বেছে নেওয়ার পাশাপাশি ক্ষমতার ভারসাম্য চাইলে সংস্কার পক্ষে গণভোটে অংশগ্রহণ করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এই গণভোট আমাদের সেই সুযোগ তৈরি করেছে। ভোটের গাড়ি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, জনগণকে সচেতন ও ভোট প্রদানে উদ্বুদ্ধকরণে ভোটের গাড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল বলেন, আসন্ন গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন। স্বাধীনতার ৫৪ বছরে জন রায়ের এমন পরিবেশ কখনো আসেনি। জনগণ ক্ষমতার মূল উৎস হলেও এ পর্যন্ত কখনো জনগণ ক্ষমতার উৎস হয়ে উঠতে পারেনি।

ভোটের গাড়ি প্রসঙ্গে মহাপরিচালক বলেন, গণভোটের মাধ্যমে এদেশের মানুষ কী চায় তা ছড়িয়ে দিতে এবং জনগণকে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধকরণই ভোটের গাড়ির মূল লক্ষ্য। এ-লক্ষ্যে তথ্য মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় একসাথে কাজ করছে। গণভোটে স্বাধীনভাবে মতামত দিয়ে মানুষ বুঝিয়ে দিবে রাষ্ট্রের প্রকৃত মালিকানা কার হাতে। তিনি সকলকে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মোঃ রেজানুর রহমান, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান ও দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা। এছাড়াও অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Post Views: 234

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত