শফিপুর, গাজীপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের মোট ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে সর্বমোট ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবে। প্রতিটি ভোটকেন্দ্রে নিয়োজিত ১৩ জন সদস্যের মধ্যে থাকবে ৩ জন অস্ত্রধারী, ৬ জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং ৪ জন অস্ত্রবিহীন নারী সদস্য। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রতিটি কেন্দ্রে নিয়োজিত ৩ জন অস্ত্রধারী সদস্যের মধ্য থেকে ১ জন নির্বাচনকালীন সময়ে প্রিজাইডিং অফিসারের সঙ্গে সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবে।
উপদেষ্টা সোমবার (১২ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে ৪১তম বিসিএস (আনসার) কর্মকর্তা, উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক ও প্রশিক্ষিকা এবং আনসার ব্যাটালিয়ন ২৬ ও ২৭তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
তিনি আরো বলেন, সারাদেশে ১ হাজার ১৯১টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে। প্রতিটি টিমে ১০ জন করে মোট ১১ হাজার ৯১০ জন সদস্য দায়িত্ব পালন করবে, যা সামগ্রিক নির্বাচনি নিরাপত্তা ব্যবস্থাকে আরো সুসংহত ও কার্যকর করবে। উপদেষ্টা এ সময় নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত বা বিঘ্নিত করতে পারে এমন যেকোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ববহির্ভূত আচরণ ও কর্মকাণ্ড থেকে আনসার সদস্যদের বিরত থাকার নির্দেশ প্রদান করেন।
লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জাতীয় নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গত বছরের আগস্ট মাস থেকেই সুপরিকল্পিত ও সমন্বিত প্রস্তুতি গ্রহণ করে আসছে। নতুন প্রশিক্ষণ নীতিমালার আলোকে ইতোমধ্যে প্রায় ৫৬ হাজার উপজেলা বা থানা কোম্পানি আনসার, ২ লাখ ৫৫ হাজার ভিডিপি ও টিডিপি সদস্য-সদস্যা এবং ৩ হাজারের অধিক আনসার ব্যাটালিয়ন সদস্যকে মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। নির্বাচনি দায়িত্ব পালনের উদ্দেশ্যে প্রায় সাড়ে চার লক্ষাধিক সদস্যকে STDMS সফটওয়্যারের মাধ্যমে তালিকাভুক্ত করা হয়েছে।
উপদেষ্টা আনসার ভিডিপির নবীন সদস্যদের দুর্নীতিমুক্ত থেকে মানবিক মূল্যবোধ, নৈতিকতা, সততা, দক্ষতা, বিচক্ষণতা, মানবিকতা ও সেবাধর্মী মনোভাব নিয়ে কর্মজীবনে প্রবেশের আহ্বান জানান। উপদেষ্টা আরো বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্মকর্তা-কর্মচারীদের কাজের জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে ডিজিটাল ব্যবস্থাপনার সংযোজন, পেশাগত উৎকর্ষ, কল্যাণমূলক কার্যক্রম, প্রশাসন, প্রশিক্ষণ, অবকাঠামোগত উন্নয়ন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নতুন করে গঠন ও সংশোধনের জন্য সময়োপযোগী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। আনসার-ভিডিপি তৃণমূল সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে আশাজাগানিয়া ‘সঞ্জীবন’ প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। তিনি বলেন, আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্ট, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক এবং আনসার-ভিডিপি কো-অপারেটিভ-এই প্রতিষ্ঠানগুলো আনসার সদস্যদের পাশাপাশি দেশের আপামর জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
উপদেষ্টা এর আগে প্যারেড পরিদর্শন করেন ও অভিবাদন গ্রহণ করেন এবং চার ক্যাটাগরিতে চারজন সেরা চৌকস প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, আনসারের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি (রেকর্ড) সংখ্যক প্রশিক্ষণার্থী ৩ হাজার ২৩৭ জন পাসিং আউট প্যারেড সম্পন্ন করেছেন। এর মধ্যে রয়েছে ৪১তম বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তা ১৫ জন, উপজেলা প্রশিক্ষক বা প্রশিক্ষিকা ৮৮ জন এবং আনসার ব্যাটালিয়ন ২৬ তম ব্যাচের ১ হাজার ১০ জন ও ২৭ তম ব্যাচের ২ হাজার ১২৪ জন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত