আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় আটক বাংলাদেশি এক নারী ও তার চার বছরের শিশুকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্র জানায়, সোমবার (১২ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ফরিদপুর বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৩১/১ এস এলাকা দিয়ে মোসা. সুমাইয়া আক্তার তার চার বছরের ছেলে সন্তানকে নিয়ে ভারতের অভ্যন্তরে প্রায় দুই কিলোমিটার ভেতরে প্রবেশ করেন। তিনি ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার নাটকঘরলেন এলাকার মো. মনসুর আলীর মেয়ে।
ভারতে অনুপ্রবেশের পর ৭১ বিএসএফ ব্যাটালিয়নের খান্দুয়া ক্যাম্পের একটি টহল দল মা ও শিশুকে আটক করে। পরে বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ হলে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত দিতে সম্মত হয় বিএসএফ।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, চার বছরের শিশুসহ আটক ওই নারীকে নিয়ে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
পরবর্তীতে বিজিবি ওই নারী ও শিশুকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সোপর্দ করে। খবর পেয়ে সুমাইয়া আক্তারের স্বামী থানায় উপস্থিত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত