Print

Broadcasting News Corporation

জাতীয় স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ তে রায় দিতে হবে

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২০, ২০২৬ , ৫:০৫ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২০, ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

সাভার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে জাতীয় স্বার্থে গণভোটে হ্যাঁ-তে রায় দিতে হবে। ব্যক্তিগতভাবে সকলে কোনো না কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। জাতীয় নির্বাচনে কাকে ভোট দিবেন সেটা আপনাদের ইচ্ছা। আপনাদের এলাকার জন্য, দেশের জন্য ভালো এমন নেতা নির্বাচন করবেন। রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে গণভোটে ‘হ্যাঁ-তে ভোট দিতে হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তরের অন্যতম প্রচার কার্যক্রম ‘ভোটের রিকশা’ উদ্বোধনকালে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের জন্য জুলাই সনদ গৃহীত হয়েছে। সকল রাজনৈতিক দলের সাথে দীর্ঘ আলোচনার পর তাদের মতামতের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। ক্ষমতার ভারসাম্য, ইতিবাচক পরিবর্তনের জন্য ১২টি বিষয়ের আলোকে চারটি প্রশ্ন নিয়ে হ্যাঁ-না ভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সরকার হ্যাঁ ভোটের পক্ষে বলতে পারে, উন্নত বিশ্বেও সরকার হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করে। আমরা কাউকে না ভোট দিতে নিষেধ করছি না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, সুশাসন চাইলে ও কর্তৃত্ববাদী সরকার না চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। কর্তৃত্ববাদী শাসনের অবসান ও সুন্দর আগামী চাইলে গণভোটে ‘হ্যাঁ’ কে জয়যুক্ত করতে হবে। গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটের রিকশা ৬৪ জেলায় চার হাজার ৫০০ ইউনিয়নে প্রচারণা চালাবে। এসময় তিনি গণভোট ও জাতীয় নির্বাচন উপলক্ষ্যে সরকারের নানাবিধ প্রচার কার্যক্রম তুলে ধরেন।

উপদেষ্টা এসময় আটটি বিভাগের আটটি রিকশা উদ্বোধন করেন। যা ৬৪ জেলায় চার হাজার ৫০০ ইউনিয়নে গণভোট ও জাতীয় নির্বাচনের আচরণ বিধিমালা প্রচার করবে।

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিলের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহিদ।

 

Post Views: 232

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত