Print

Broadcasting News Corporation

সংস্কারের জন্য গণভোটের কোনো বিকল্প নেই

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২০, ২০২৬ , ৯:২১ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২০, ২০২৬, ৯:২১ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঝিনাইদহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সংস্কারের জন্য গণভোটের কোনো বিকল্প নেই। তিনি বলেন, গুম, খুন ও রাতের অন্ধকারে ভোট বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এ সংস্কার জরুরি।

মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) ঝিনাইদহ জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গণভোট প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট উপহার দিতে গণভোটের প্রচার প্রচারণা তৃণমূল পর্যায়ে বিশেষ করে দেশের ৫২ শতাংশ নারীর কাছে ‘হ্যাঁ’ ভোটের বার্তা সহজে বুঝানোর জন্য যার যার আঞ্চলিক ভাষায় সরকারের পাশাপাশি সমাজে সকল স্টেকহোল্ডার, এনজিও ফাউন্ডেশন কর্মীদের কাজ করতে হবে। তিনি আরো বলেন, নারী, শিশু, প্রতিবন্ধী ও সমাজের সকল স্তরের মানুষের নিরাপদ ও সম্মানজনক অংশগ্রহণ নিশ্চিত করা আমাদের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।

শারমীন এস মুরশিদ বলেন, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করার লক্ষ্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সক্রিয় ভূমিকা পালন করছে। তিনি বলেন, নির্বাচন ও গণভোট চলাকালীন সময়ে সমাজের ঝুঁকিপূর্ণ ও বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর ভোটাধিকার নিশ্চিতকরণ, নারী ভোটারদের নিরাপদ অংশগ্রহণ, প্রতিবন্ধী, প্রবীণ ও সুবিধাবঞ্চিত নাগরিকদের সহায়তা প্রদানসহ সার্বিক সামাজিক নিরাপত্তা জোরদারে দুই মন্ত্রণালয়ের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালিত হচ্ছে।

উপদেষ্টা বলেন, সারাদেশে প্রায় ১ কোটি ৩০ লাখ সামাজিক নিরাপত্তা ভাতাভোগী মোবাইল গ্রাহককে ‘গণভোটে ভোট দিন, দেশ গঠনে অংশ নিন’ এ স্লোগান ডিজিটাল ও মোবাইল ক্যাম্পেইনের মাধ্যমে এসএমএস প্রদানের পরিকল্পনা নেয়া হয়েছে। এছাড়া, ১০০টি সেবা ও সাহায্য কেন্দ্র হতে প্রতিবন্ধী ব্যক্তিগণকে গণভোট বিষয়ে সচেতনতামূলক ব্রিফ এবং তথ্যাদি সরবরাহ করা হচ্ছে। ৭২ হাজার নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থা এবং ৪ হাজারের অধিক ক্যাপিটেশন গ্র্যান্ডপ্রাপ্ত এতিমখানাকে এ সচেতনতা কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত করা হয়েছে। এজন্য কেন্দ্রীয় মনিটরিং কমিটি এবং দশটি বিভাগীয় মনিটরিং টিম গঠন করা হয়েছে।

শারমীন এস মুরশিদ বলেন, দেশের অধিকাংশ মানুষ এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। গুম, হত্যা ও নির্যাতনের শিকার পরিবারগুলো ভবিষ্যতের জন্য আমাদের ওপর বড় দায়িত্ব অর্পণ করেছে— যেন আর কোন মায়ের বুক খালি না হয়। শুধু জুলাই-আগস্ট নয়, গত ১৬ বছরে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, অসংখ্য পরিবার চরম কষ্টের মধ্যে দিয়ে গেছে। এই আত্মত্যাগের বিনিময়ে আজকের অবস্থান।

সভায় ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি/বেসরকারি সংস্থার কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, জুলাই যোদ্ধা, এনজিও ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে বিকালে উপদেষ্টা চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সম্মেলনকক্ষে গণভোট প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি, বেসরকারি সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 

Post Views: 203

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত