Print

Broadcasting News Corporation

১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে এক মাইলফলক

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৯, ২০২৬ , ৯:০৮ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৯, ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে এক মাইলফলক। গণভোটে ‘হ্যাঁ’ যদি পাস হয় তাহলে দেশে আর কোনোদিন স্বৈরতন্ত্রের জন্ম হবে না। ক্ষমতার ভারসাম্য তৈরি হবে। দেশকে আমরা উন্নয়নের পথে এগিয়ে নিতে পারব। তিনি সকলকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলার অনুরোধ জানান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) রাজধানীর বাসাবোতে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট যৌথভাবে এ সভার আয়োজন করে। বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার ও ধর্ম সচিব মোঃ কামাল উদ্দিন বিশেষ অতিথির বক্তৃতা করেন।
ধর্ম উপদেষ্টা বলেন, একবার ক্ষমতায় বসতে পারলে ছলেবলে কৌশলে চেয়ার ধরে রাখার দুঃখজনক প্রবণতা এদেশে রয়েছে। কিন্তু আমরা যেদিন দায়িত্ব নিয়েছি সেদিন থেকেই বিদায়ের প্রস্তুতি নিয়ে রেখেছি। ইতোমধ্যে আমাদের অনেক উপদেষ্টা তাদের কূটনৈতিক পাসপোর্ট স্যারেন্ডার করেছেন। আমরা মানসিকভাবে প্রস্তুত রয়েছি-একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবেন তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করব।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেন, ১২ ফেব্রুয়ারি যখন ভোট দিতে যাবেন তখন আপনাকে দুটো ব্যালোট দেওয়া হবে। একটি সাদা, আরেকটি গোলাপি। সাদা ব্যালোটের মাধ্যমে আপনার বিবেচনায় যোগ্য প্রার্থীকে ভোট দিবেন। আর গোলাপি ব্যালটের মাধ্যমে আমাদের জনপ্রতিনিধিরা কিভাবে দেশ পরিচালনা করবে সেই গাইডলাইন আপনি তৈরি করে দিবেন। তিনি স্বৈরাচারী ও ফ্যাসিবাদীমুক্ত দেশ গড়তে সকলকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার অনুরোধ করেন।

জুলাই সনদের প্রেক্ষাপট তুলে ধরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার (ঐকমত্য) বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল। কিন্তু দীর্ঘ ৫৪ বছরে আমরা এই তিনটি লক্ষ্য অর্জন করতে পারিনি। এ দীর্ঘ শাসনামলে আমরা এমন এমন শাসনের কবলে পড়েছিলাম যেটা আমাদের কাক্সিক্ষত ছিলো না। কখনও সংবিধানকে সুটকেসবন্দি করে আবার কখনও সংবিধানের দোহাই দিয়ে আমাদের ওপর নিপীড়নমূলক শাসন চালানো হয়েছে। একটি সুন্দর, সুশৃঙ্খল ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি।
এতে অন্যান্যের মধ্যে রমনার সেন্ট মেরীস্ ক্যাথেড্রাল চার্চের প্রধান পালক ফাদার আলবার্ট টমাস রোজারিও, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পিউস কস্তা বক্তৃতা করেন।

 

Post Views: 129

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত