Print

Broadcasting News Corporation

ভোট উৎসবকে পূর্ণতা দিতে সবাইকে একসাথে কাজ করতে হবে

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৩১, ২০২৬ , ৫:৫৩ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৩১, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

সিলেট, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর বলেছেন, ভোটের উৎসবকে পূর্ণতা দিতে সরকারি কর্মকর্তা- কর্মচারীদের নিরপেক্ষ থেকে নিরলস কাজ করতে হবে। শতভাগ সততা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে ভোট উৎসবকে সফল করতে হবে। তিনি শনিবার (৩১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) আঞ্চলিক তথ্য অফিস সিলেট আয়োজিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রচার সংক্রান্ত অভ্যন্তরীণ প্রশিক্ষণে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন৷

প্রধান তথ্য অফিসার আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, বিগত ১৫- ১৬ বছরে দেশের জনগণ প্রকৃত অর্থে স্বাধীন ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। ফলে ভোটের প্রতি মানুষের আস্থা ও আগ্রহ হ্রাস পেয়েছে। এই বাস্তবতা থেকে উত্তরণ ঘটাতে হলে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে একটি সর্বজনগ্রাহ্য, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে হবে।

তিনি আরো বলেন, গণভোট কেবল একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া নয়; এটি জনগণের প্রত্যাশা, মতামত ও ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তার প্রতিফলন। একইভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ জন্য বিভ্রান্তিকর তথ্য ও গুজব পরিহার করে সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। প্রধান তথ্য কর্মকর্তা জানান, ভোট উৎসবকে পূর্ণতা দিতে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে তথ্য অধিদফতরসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহ ধারাবাহিকভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

অভ্যন্তরীণ প্রশিক্ষণে অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ইয়াকুব আলী ও উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার সেশন পরিচালনা করেন। এসময় তারা সরকারি আচরণবিধি মেনে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা প্রদান করেন। প্রশিক্ষণে আঞ্চলিক তথ্য অফিস সিলেটের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

Post Views: 322

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত