Print

Broadcasting News Corporation

এনএসডিএ’র ১ কোটি টাকার সরঞ্জাম সহায়তা

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২, ২০২৬ , ৯:৫৩ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিল্পখাতের চাহিদার সঙ্গে দক্ষতা উন্নয়ন কার্যক্রমের কার্যকর সংযোগ জোরদার এবং দক্ষতা উন্নয়ন ব্যবস্থাকে আরো শ্রমবাজারমুখী করতে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) দেশের ১৩টি শিল্প দক্ষতা পরিষদকে (আইএসসি) প্রায় ১ কোটি টাকা মূল্যের অফিস ও প্রযুক্তিগত সরঞ্জাম সহায়তা প্রদান করেছে। এ উদ্যোগ শিল্প-সংযোগ জোরদার এবং শিল্প দক্ষতা পরিষদসমূহের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) ঢাকার আগারগাঁওয়ে এনএসডিএ’র সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আইএসসি’র প্রতিনিধিদের হাতে এসব অফিস ও প্রযুক্তিগত সরঞ্জাম হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিল্প দক্ষতা পরিষদসমূহকে শিল্পখাতের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে দক্ষতা উন্নয়ন ব্যবস্থাকে শ্রমবাজারমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি উল্লেখ করেন, আইএসসিগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে শিল্পখাতের বাস্তব চাহিদার ভিত্তিতে দক্ষ জনশক্তি গড়ে তোলা, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে।

সভাপতির বক্তব্যে ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, এনএসডিএ শিল্প সংযোগভিত্তিক একটি সমন্বিত ও টেকসই জাতীয় দক্ষতা উন্নয়ন ইকোসিস্টেম গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, শিল্প দক্ষতা পরিষদসমূহকে প্রয়োজনীয় অফিস ও প্রযুক্তিগত সরঞ্জাম প্রদান তাদের কার্যক্রমকে আরো গতিশীল ও কার্যকর করবে। এতে সেক্টরভিত্তিক দক্ষতা মানদণ্ড প্রণয়ন, কারিকুলাম উন্নয়ন এবং শিল্পঘনিষ্ঠ প্রশিক্ষণ বাস্তবায়ন আরো শক্তিশালী হবে।

অনুষ্ঠানে ১৩টি শিল্প দক্ষতা পরিষদের প্রতিনিধিগণ ছাড়াও এনএসডিএর সদস্য, পরিচালকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

Post Views: 532

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত