ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘ইশারা ভাষা করুণা নয়। বাক ও শ্রবণ প্রতিবন্ধী নাগরিকদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব কোনো চ্যারিটি নয়-এটি তাদের অধিকার।’
শনিবার (০৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) ঢাকায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে বাংলা ইশারা ভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, ইশারা ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়; এটি বাক ও শ্রবণ প্রতিবন্ধী মানুষের ভাষাগত পরিচয়, আত্মমর্যাদা ও নাগরিক অধিকারের ভিত্তি। একটি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থায় শিক্ষা, স্বাস্থ্য, তথ্য ও বিচার ব্যবস্থায় সকল নাগরিকের সমান প্রবেশাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
উপদেষ্টা আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও গণমাধ্যমে ইশারা ভাষার ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব। সরকারি গণমাধ্যমে ইশারা ভাষার ব্যবহার এর ইতিবাচক উদাহরণ।
অনুষ্ঠানে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ তরিকুল আলম (অতিরিক্ত সচিব) সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন সরকার। অনুষ্ঠান শেষে মেধাবী বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত