Print

Broadcasting News Corporation

পদ্মা সেতু উদ্বোধন:চাঁপাইনবাবগঞ্জে স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য আয়োজন জেলা প্রশাসনের

প্রকাশিত হয়েছে: জুন ২৪, ২০২২ , ১২:৫৮ অপরাহ্ণ | আপডেট: জুন ২৪, ২০২২, ১২:৫৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আগামী ২৫ জুন শনিবার স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে চাঁপাইনবাবগঞ্জে ২৫ থেকে ২৭ জুন তিন দিনের কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। কর্মসূচির মধ্যে থাকছে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সেতু সংক্রান্ত রচনা ও কুইজ প্রতিযোগিতা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। উদ্বোধনী দিনে ব্যানার, ফেস্টুন নিয়ে বাজনা বাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে সকাল ৮টায় শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে পুরাতন স্টেডিয়ামে শেষ হবে। এরপর সেখানে প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে দেখানো হবে। কর্মসূচিতে সকল সেক্টরের প্রায় ১০ হাজার লোক অংশগ্রহণ করবেন। অনুষ্ঠান হবে অত্যন্ত রঙিন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সঙ্গে পুরাতন স্টেডিয়ামেও হবে উদ্বোধন অনুষ্ঠান। বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ‘পদ্মা সেতু : বাংলাদেশের সক্ষমতার প্রতীক’ শীর্ষক সেমিনার, ২৬ জুন সন্ধ্যা সাড়ে ৬টায় ‘উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ’ (মেগা প্রকল্প ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ১০ উদ্যোগ) বিষয়ক সেমিনার, ২৭ জুন একই সময়ে ‘ব-দ্বীপ পরিকল্পনা ২১০০’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। প্রতিদিনই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৫ জুন রাত ৮টায় পুরাতন স্টেডিয়ামে হবে আতশবাজি।
বৃহস্পতিবার বিকেলে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজন নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। তিনি বলেন, কোটি মানুষের সুতীব্র এবং সুদীর্ঘ আকাঙ্ক্ষার পদ্মা সেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এবং দৃঢ় সংকল্পে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে নির্মিত যা বাংলাদেশের সক্ষমতার মূর্ত প্রতীক। গোটা পৃথিবীকে অবাক করে দিয়েছে পদ্মা সেতু। এই পদ্মা সেতুর সুফল যুগ যুগ ধরে বাংলাদেশের জনগণ ভোগ করতে থাকবে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যরে এ সেতু দক্ষিণাঞ্চলের ২১টি জেলাসহ দেশের অন্যান্য এলাকার সঙ্গে সরাসরি যুক্ত হবে। এতে ওই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটবে, শিল্পায়ন হবে ও কর্মসংস্থান বাড়বে। পদ্মা সেতু চালু হলে দক্ষিণাঞ্চল রেল নেটওয়ার্কের আওতায় আসবে। তিনি জানান, পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রচারের ব্যবস্থা করা হয়েছে। কর্মসূচি পড়ে শোনান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকিউল ইসলাম। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন।

Post Views: 544

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত