Print

Broadcasting News Corporation

খাদ্যের অপচয়রোধে সতর্ক হওয়ার আহবান খাদ্যমন্ত্রীর

প্রকাশিত হয়েছে: জুলাই ২৩, ২০২২ , ৭:১০ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৩, ২০২২, ৭:১০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সংগৃহীত চিত্র।

চট্টগ্রাম, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চাল চিকন করার জন্য ছাটাই করে চাল অপচয় করা হচ্ছে। এতে পুষ্টিমানও কমে যাচ্ছে। জনসাধারণকে পুষ্টিসমৃদ্ধ চাল খাওয়ার পাশাপাশি খাদ্যের অপচয়রোধে সচেতন হওয়ার আহবান জানান তিনি।শনিবার চট্টগ্রামের হালিশহরে সেন্ট্রাল স্টোরেজ ডিপোর (সিএসডি) কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। দেশে এখন মঙ্গা নেই। এখন আমরা পুষ্টি নিরাপত্তা নিয়ে কাজ করছি। চাল আমদানি বিষয়ে মন্ত্রী বলেন, বেসরকারিভাবে চাল আমদানি শুরু হয়েছে। গ্রাহকদের চাহিদা মোতাবেক ব্যবসায়ীরা চাল আমদানি করবে। তবে বিদেশ থেকে মানহীন চাল আনতে দেয়া হবে না। চুক্তি করেও যারা সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহ করেনি তাদের কমপক্ষে এক বছর শাস্তি পেতে হবে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, তাদের সাথে সরকার আবার চুক্তি করবে। এরপরও যদি তারা চাল না দেয়, ধান চালের ব্যবসা তাদের জন্য কঠিন হবে বলে তিনি সতর্ক করেন। খাদ্য সচিব মো: ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো: সাখাওয়াত হোসেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খুরশীদ ইকবাল রেজভী, ডিআরটিসির সভাপতি মাহমুদুল হাসান, শ্রমিক ঠিকাদার সমিতির নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, চট্টগ্রাম চালকল মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন, হালিশহর সিএসডির ব্যবস্থাপক প্রণয়ন চাকমা এবং চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো: জহিরুল ইসলাম অনুষ্ঠানে বক্তৃতা করেন। মতবিনিময় সভায় চট্টগ্রাম সিএসডির কর্মকর্তাগণ, চালকল মালিক সমিতির নেতৃবৃন্দ ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ অংশ নেন।

Post Views: 742

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত